ইউনূসকে ‘স্বাগত’ জানালেন ইনু
‘দীর্ঘদিন পর রাজনীতিতে আসায়’ শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘স্বাগত’ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
শনিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক অনুষ্ঠানে ইনু বলেন, “নোবেল বিজয়ী ড. ইউনূসকে আমরা সম্মান করি। তিনি দীর্ঘদিন পর ঘোমটা খুলে রাজনীতিতে এসেছেন। এজন্য আমরা তাকে অভিনন্দন, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।”
সম্প্রতি অধ্যাপক ইউনূস এক বক্তব্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী ইউনূসের উদ্দেশে বলেন, উনি ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে রাজনীতির মাঠে নামার দুদিনের ব্যবধানে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন।
“এবার আশা করবো মাঠ ছেড়ে চলে যাবেন না। উনার মতো সম্মানিত মানুষ রাজনীতি করছেন দেখে ভাল লাগছে। এখন ড. ইউনূসের সঙ্গে আমরাও রাজনৈতিক ভাষায় কথা বলব,” বলেন ইনু।
দুপুরে মিরপুর উপজেলার কাকিলাদহে জাস্টিস রাধা বিনোদ পাল মডেল ভিলেজ স্মৃতিফলক ও চক্ষু শিবির উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিরোধী দলের নেতা সংলাপে যাবেন বলে জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছেন। এই সংলাপেই ঠিক হবে কোন সরকার বা কার অধীনে নির্বাচন হবে।
“আশা করি খালেদা জিয়া বান কি মুনকে দেয়া অঙ্গীকার রাখবেন,” বলেন ইনু।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ ও তেঁতুল হুজুরদের ত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের জন্য এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
জাস্টিস রাধা বিনোদ পাল মডেল কলেজ মাঠে শমসের আলী মল্লিকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় প্রমুখ।
