২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপাহার সীমান্ত থেকে দুজনকে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে শনিবার দুই যুবককে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

এরা হলেন উপজেলার বেলডাঙ্গা গ্রামের এনারুলের ছেলে ফারুক হোসেন (২৫) ও কৃষ্ণসদা গ্রামের আব্দুল মান্নানের ছেলে জিয়াউর রহমান (৩০)।

পরে ভারতের হবিপুর থানায় সোপর্দ করা হয় বলে বিজিবি জানিয়েছে।

নিতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল গনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে হাপানিয়া সীমান্ত এলাকার এ দুই যুবক সীমান্তের একটি হাট থেকে গরু নিয়ে আসার পথে পান্নাপুর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা গরুসহ তাদের আটক করে। 

পরে বেলা ১১টায় সীমান্তের ২৩৫/২৩৬ পিলারের পাশে বিজিবি ও বিএসএফ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হয়। কিন্তু তাদের ফেরত দিতে অপারগতা প্রকাশ করে গরু চোর হিসেবে ভারতের হবিপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিএসএফ জানায়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন নিতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল গনি ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন পান্নাপুর বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসআই কিশোয়াল কুর্তি।