২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের কোন্দলে তুহিনের ওপর হামলা: শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিনের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইসলামী ছাত্রশিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 01:39 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার এক বিবৃতিতে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক জিয়াউদ্দিন বাবলু বলেছেন, “ছাত্রলীগের গত ২০ জুলাই অনুষ্ঠিত ২৪তম কাউন্সিলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের পরোক্ষ মদদে হামলা হতে পারে বলে আমাদের ধারণা।”

বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে আমীর আলী হলের পাশের রাস্তায় তুহিনের ওপর হামলা চালিয়ে তার বাম হাত, ডান পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা।

ছাত্রলীগ নেতারা ওই হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে আসছেন এবং তাদের সেই বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হয়।

শিবির নেতা বলেন, “ঘটনার তদন্ত না হওয়ার পরও শিবিরকে হামলার জন্য দায়ী করা সঠিক হয়নি।”

বৃহস্পতিবারের ওই ঘটনায় ছাত্রলীগ নেতাদের অভিযোগের প্রতিক্রিয়া জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে শিবির নেতাদের মোবাইল ফোনে কল করা হলেও সেগুলো বন্ধ পাওয়া গিয়েছিল।

বিষয়টি জানানো হলে জিয়াউদ্দিন বাবলু বলেন, “মোবাইল ফোন বন্ধ রাখা শিবিরের রাজনৈতিক কৌশল।”

তুহিনের ওপর হামলাকে ‘বর্বরোচিত’ ও ‘পৈশাচিক’ আখ্যায়িত করে তিনি বলেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে যথপোযুক্ত শাস্তি দিতে না পারলে ক্যাম্পাস পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

এদিকে তুহিনের ওপর হামলার ঘটনায় আটক ১৫ জন যুবকের মধ্যে নয়জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে মতিহার থানার ওসি আবদুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

ঘটনার প্রায় ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও শনিবার সকাল ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

এদিকে ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে তুহিনের বড় ভাই শাহিনুর রহমান শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুহিনের সংজ্ঞা ফিরেছে।

“তবে চিকিৎসকরা জানিয়েছে, তার ডান পায়ের ক্ষতটা অনেক ঝুঁকিপূর্ণ। এই জন্য তাকে পঙ্গুত্বও বরণ করা লাগতে পারে।”

পুরনো খবর:

রাবি ছাত্রলীগ নেতার রগ কেটেছে ‘শিবির’