রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ধর্মঘট স্থগিত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে শিক্ষকদের একাংশ।
মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন তারা।
কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব ড. গাজী মাজহারুল আনোয়ার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাচার্যের আশ্বাস এবং সিন্ডিকেট সদস্যদের অনুরোধে সংগঠনের জরুরি সভা করে কর্মসূচি স্থগিত করা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবারো ধর্মঘট করা হবে বলে জানান তিনি।
তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে ২৫ জুলাই থেকে কর্মবিরতি পালন করেন শিক্ষকদের একাংশ।
ধর্মঘটের প্রথম দিনেই উপাচার্যের কার্যালয়সহ সব ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। ফলে ক্লাস ও পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ে সব একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
