চট্টগ্রামে ২ উপজেলায় পানিবন্দি লাখো মানুষ
স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানি ঢুকে চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপজেলার ১৪টি ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
গত তিন দিন ধরে বেড়িবাঁধের বিভিন্ন স্থান দিয়ে জোয়ারের পানি ঢুকে বঙ্গোপসাগর উপকূলবর্তী দুই উপজেলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির ইকবাল জানান, সাগরে বেশি উচ্চতার জোয়ারের পানি ঢুকে উপজেলার ছনুয়া, শীলকূপ, খানখানাবাদ, বাহারছড়া, গণ্ডামারা, সরল ও সাধনপুর ইউনিয়নের প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে আছে।
ইউএনও বলেন, বেড়িবাঁধের কিছু জায়গায় ভাঙা থাকায় জোয়ারের পানি ঢুকে এসব এলাকা প্লাবিত হয়েছে।
তিনি বলেন, “নদীর পানি স্বাভাবিক হলে বেড়িবাঁধ সংস্কারের কাজ করা হবে। গত বছর কয়েকটি স্থানে সংস্কার করা হলেও এবছর তা আবার ভেঙে গেছে।”
খানখানাবাদ এলাকার বাসিন্দা আবু বক্কর বলেন, জোয়ারের পানি ঢোকার কারণে এলাকার রাস্তাঘাটগুলো পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
এছাড়া বিভিন্ন দোকান ও বাড়ি-ঘরেও পানি উঠেছে বলে জানান তিনি।
এদিকে বঙ্গোপসাগর ও সাঙ্গু নদীর জোয়ারের পানি ঢুকে আনোয়ারা উপজেলার সাতটি ইউনিয়নের হাজার খানেক পরিবার পানিবন্দি হয়ে আছে।
আনোয়ারা উপজেলার ইউএনও শেখ ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দারা পানিবন্দি হয়ে আছে।
এছাড়া, জুঁইদণ্ডী, বরুমছড়া, বারকাইন, পড়ৈয়করা, চাতুরি ও অনোয়ারা সদরেরও কিছু স্থানে পানি উঠেছে।
তিনি বলেন, রায়পুর ইউনিয়ন এমন একটি এলাকা যেখানে প্রতিমাসে অমাবস্যা ও পূর্ণিমায় পানি ঢোকে। এ এলাকায় কোনো ধরনের চাষাবাদও করা যায় না।
