‘মাদক ব্যবসায়ে বাধা দেয়ায়’ হামলা, আহত ৩০
‘মাদক ব্যবসায়ে বাধা দেয়ায়’ ব্রাহ্মণবাড়িয়া সদরে এক ইউপি সদস্যের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার চান্দি গ্রামে এ হামলায় ৩০ জন আহত হন। এ সময় ২০/২৫টি বসত ঘর ভাংচুর করা হয় বলে স্থানীয়রা জানান।
আহতদের মধ্যে রয়েছেন ইউপি মেম্বার জাহাঙ্গীর মিয়ার ছেলে সজিব মিয়া (২৪), সাদ্দাম মিয়া (১৮), পূত্রবধূ জেসমিন আক্তার (২৪), ভাতিজা আইজুল ইসলাম (২৫) ও কালু মিয়া (১৬)। তাদেরসহ অন্যদের সদর হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য জাহাঙ্গীর মিয়া জানান, এলাকার লোকজন গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী হারুন মিয়া ও রফিক মিয়ার বাড়িতে থাকা মাদকদ্রব্য সম্পর্কে র্যাবকে তথ্য দেয়। তথ্যানুযায়ী বুধবার র্যাব তাদের বাড়ি থেকে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করে।
এতে তারা ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেছার উদ্দিন শেরশাহ লোকজন নিয়ে তাদের লোকজনের উপর এবং তাদের বাড়িঘরে হামলা করেন।
চেয়ারম্যান নেছার উদ্দিন শেরশাহ বলেন, “জাহাঙ্গীর মেম্বার স্থানীয় চোর-ডাকাতের সর্দার। আমার লোকজন নয়। সারা গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে তাদের উপর হামলা চালিয়েছে।”
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব বলেন, এ ঘটনার খবর পেয়ে চান্দি গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।
