২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় বাঁধ ভেঙে পানিবন্দি ৫ হাজার মানুষ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে পাঁচদিন ধরে পানিবন্দি হয়ে আছেন সুখচর ইউনিয়নের পাঁচ হাজার মানুষ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 12:29 PM

Updated : 26 Jul 2022, 03:03 PM

সুখচরের বাসিন্দা ওয়াকার্স পার্টির হাতিয়া উপজেলা সম্পাদক আনোয়ার হোসেন জানান, মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে ৫-৬ ফুট বেশি উচ্চতায় জোয়ারে সোমবার নবনির্মিত বেড়িবাধটি ভেঙে যায়।

ফলে চরআমানউল্লা গ্রাম, কাহার গ্রাম, দরগা গ্রাম, কাদির সর্দার গ্রাম, মাকসুদিয়া গ্রাম ও বাদশামিয়াগো গ্রামের ঘরবাড়ি, পথঘাট, শিক্ষা প্রতিষ্ঠান জলমগ্ন হয়ে পড়ে।

এদিকে ইউনিয়নের বেশির ভাগ নলকূল পানির নিচে চলে যাওয়ায় এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। অনেকেই ঘরের ভেতরে মাঁচা বা চকি উঁচু করে অবস্থান নিলেও জোয়ারের সময় পানি বেড়ে গেলে তাদের ভোগান্তি চরমে ওঠে।

আনোয়ার হোসেন অভিযোগ করেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিনের অবহেলায় ক্ষতিগ্রস্ত লোকজন সরকারি ত্রাণ পাচ্ছে না। দিনভর ত্রাণের জন্য অপেক্ষা করেও তারা চেয়ারম্যানের দেখা পাচ্ছেন না।

হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেদুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারিভাবে ২৫ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকার চিড়া বরাদ্দ দেয়া হয়েছে।

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ শুনেছেন জানিয়ে তিনি বলেন, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।