চট্টগ্রামে গুলিতে যুবককে হত্যা
চট্টগ্রাম নগরীর ডাবলমুরিং থানায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছে।
নিহতের নাম নাসির তালুকদার (৪৫)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মুনমুন কমিউনিটি সেন্টারের পাশে তাকে গুলি করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম।
নাসিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির এসআই জহির জানান, নাসিরের পেটে গুলি লেগেছে।
ওসি মতিউল বলেন, “নাসির স্থানীয় কভার্ড ভ্যানের মালামাল চোর চক্রের সদস্য। রুবেল নামে তার আরেক সহযোগী রাত ৯টার দিকে তাকে বাসা থেকে ডেকে নিয়েছিল।”
অভ্যন্তরীণ কোন্দলের কারণে নাসির খুন হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
