কয়েকটি বিষয়ে শিক্ষক-অভিভাবকদের মতামত নেবে এনসিটিবি
মাধ্যমিক স্তরে নতুন কারিকুলামের শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক এবং উত্তরপত্র মূল্যায়ণ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত নেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এ বিষয়ে দেশের ৬০টি বিদ্যালয়ের ৯০০ শিক্ষক, ২৪০ জন অভিভাবক এবং এক হাজার ৬৮০ শিক্ষার্থীর সঙ্গে এনসিটিবির কর্মকর্তারা কথা বলবেন।
বৃহস্পতিবার এনসিটিবি মিলনাতনে মাধ্যমিক শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের উপযোগিতা এবং যৌক্তিকতা মূল্যায়নের এই কর্মপরিকল্পনার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
অনুষ্ঠানে এনসিটিবির কর্মকর্তারা জানান, ছয়জন বিশেষজ্ঞ সদস্যকে নিয়ে সাতটি ‘প্রফেশনাল গ্রুপ’ গঠন করা হয়েছে। এরা প্রতিটি বিদ্যালয়ের ছয় দিন অবস্থান করে প্রয়োজনীয় বিষয়ে তথ্য সংগ্রহ করবে।
গ্রুপের সদস্যরা শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ, প্রধান শিক্ষক ও বিষয়ভিত্তিক শিক্ষকের সাক্ষাৎকার নেবেন। পরে পাঁচ সদস্য বিশিষ্ট ৭০টি উপ-কমিটি পাঠ্যপুস্তকের ওপর কাজ করবে।
প্রতিবছরের মতো এবারও ১ জানুয়ারি উৎসবের মাধ্যমে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক শফিকুর রহমানের সভাপতিত্বে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন বক্তব্য দেন।
