২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার ঢাবিতে ‘কালো দিবস’

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের নির্যাতনের প্রতিপাদে শুক্রবার ‘কালো দিবস’ পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 11:32 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম দখল করে সেখানে সেনা ছাউনি স্থাপন করে সেনা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের এক মাত্র শরীর চর্চা কেন্দ্র দখল হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের স্বাভাবিক অনুশীলন মারাত্মকভাবে ব্যাহত হয়।

২০ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একটি ম্যাচ চলার সময় কয়েকজন ছাত্রের সঙ্গে কয়েকজন সৈন্যের তর্কাতর্কি হয়।

এর জের ধরে ওই দিন থেকে ২৩ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের ওপর ব্যাপক নির্যাতন চালায় পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও ছাত্রনেতাসহ অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মামলায় নির্বিচারে আসামি করা হয় শিক্ষক-শিক্ষার্থীদের।

এর প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অসন্তোষ রূপ নেয় ছাত্রবিক্ষোভে। বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোসহ সারা দেশে। গণবিস্ফোরণের মুখে পিছু হটে শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি দিতে বাধ্য হয় সেনা নিয়ন্ত্রিত ওই তত্ত্বাবধায়ক সরকার।

ওই নির্যাতনের ঘটনা স্মরণে ২০০৭ সালের পর থেকে প্রতিবছর ২৩ আগস্টকে প্রতিবছর কালো দিবস হিসেবে পালন করা হচ্ছে।

পুরনো খবর:

ফখরুদ্দীন-মইনের শাস্তির সুপারিশ উপেক্ষিত