বিদ্যুৎ কর্মকর্তাদের ‘অতিরিক্ত’ সফরে অসন্তোষ
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের ‘অতিরিক্ত’ বিদেশ সফর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
পাশাপাশি বিদেশ সফরের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নেরও সুপারিশ করেছে কমিটি।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫০তম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
সংসদীয় কমিটিতে মন্ত্রণালয়ের সরবরাহ করা কার্যপত্র থেকে জানা গেছে, বিদ্যুত বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোফাজ্জল হোসেন ২০০৯ সালের নভেম্বর মাসে মন্ত্রণালয়ে যোগ দেয়ার পর এখন পর্যন্ত বিদেশ সফর করেছেন ২৫ বার।
একই সময়ে মন্ত্রণালয়ে যোগ দিয়ে আরেক অতিরিক্ত সচিব তাপস কুমার রায় ২০ বার বিদেশে গেছেন।
যুগ্ম সচিব (উন্নয়ন) মো. আনোয়ার হোসেন ২০০৮ সালের জুনে মন্ত্রণালয়ে যোগদানের পর থেকে ২২ বার বিদেশ সফর করেছেন।
এছাড়া পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বিদেশ সফর করেছেন ২৬ বার।
ওই কার্যপত্রের দেয়া তালিকায় বিদ্যুৎ বিভাগের ২৫ জন ও পাওয়ার সেলের ১৫ জন কর্মকর্তার বিদেশ সফরের তথ্য রয়েছে।
কার্যপত্রের একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতোবার বিদেশ সফর নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। কমিটির আগামী বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হবে।”
আরেক সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদেশ সফরের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে কমিটি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্রুত এই নীতিমালা কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে বৈঠকে।”
এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য একটি সাব-কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ২৬ জুন কমিটির সদস্য শেখ ফজলে নূর তাপসকে আহ্বায়ক করে ওই সাব-কমিটি গঠন করা হয়, যাতে সদস্য হিসেবে রয়েছেন মনোয়ার হোসেন চৌধুরী ও আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
এছাড়া বৈঠকে কুইক রেন্টাল পাওয়ার প্লান্টের বর্তমান অবস্থা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সংসদীয় কমিটিতে পেশ করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, আব্দুল মতিন খসরু, নিলুফার জাফর উল্লাহ, মো. আব্দুল কাদের খান, শেখ ফজলে নূর তাপস, এএম মাহবুব উদ্দিন খোকন ও রেজওয়ান আহাম্মদ তৌফিক।
