স্ত্রীর গলিত লাশের পাশে উদভ্রান্ত স্বামী
যশোর সদর উপজেলা থেকে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে নতুন উপশহরের সি ব্লকের একটি বাড়ি থেকে বকুল বেগমের লাশ উদ্ধার করা হয়।
এ সময় ওই ঘর থেকে উদভ্রান্ত অবস্থায় গৃহবধূর স্বামী আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়েছে।
বকুল যশোর সদর উপজেলার চুড়ামনকাটির মৃত বজলুর রহমানের মেয়ে।
কুদ্দুসের বাড়ি বরগুনা সদর উপজেলার মনোসতলী গ্রামে। পাঁচ বছর আগে তারা ঢাকায় বিয়ে করেন। কুদ্দুসের প্রথম স্ত্রীর দুটি বাচ্চা আছে।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওছার আহমদ জানান, উপশহরের সি ব্লকের ৩০১ নম্বর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
“লাশটি বিছানায় ছিল। পাশে মল-মূত্রের মধ্যে বসা ছিল তার স্বামী কুদ্দুস। মনে হয়, ৩-৪ দিন আগে ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়।”
এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে। কুদ্দুসকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে বিকারগ্রস্ত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে বলে জানান কাওছার।
বাড়িওয়ালা আবুল কাশেম জানান, ঈদের কয়েক দিন আগে আব্দুল কুদ্দুস দম্পতি তার বাড়ির তিনতলা ভাড়া নেন। গত ৩-৪ দিন ধরে ঘর থেকে কাউকে বের হতে না দেখে তিনি সকালে গিয়ে দরজায় ধাক্কা দেন।
তখন কারো সাড়া না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন বলে জানান আবুল কাসেম।
নিহতের বোন মনি বেগম জানান, পাঁচ বছর আগে তার বোন ঢাকায় থাকাকালে কুদ্দুসকে বিয়ে করে। বিয়ের পর তারা যশোরে এসে থাকতে শুরু করেন।
