২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্লুইস গেইট নির্মাণে ২০ কোটি টাকা দেবে সরকার

চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনে স্লুইস গেইট নির্মাণের জন্য ২০ কোটি টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 08:52 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি ওই অর্থ দেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চেম্বারের সচিব ওসমান গণির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চেম্বারের প্রাক্তন সভাপতি এমএ লতিফ নগরীর জলবদ্ধতা নিরসনে মহেশ খালে স্লুইস গেইট নির্মাণের জন্য অর্থ বরাদ্দের দাবি জানালে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে ২০ কোটি টাকা বরাদ্দের আশ্বাস দেন। 

চেম্বার নেতারা চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধনের আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী তা গ্রহণ করে অক্টোবরের শুরুতে উদ্বোধনের আশ্বাস দেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

েশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য চট্টগ্রামের গহিরাতে বিশেষায়িত শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে বলে প্রতিনিধিদলকে জানান প্রধানমন্ত্রী।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লাইনে, রেল লাইন ডাবল লাইনে উন্নীতকরণসহ চট্টগ্রাম মহানগরীর ফ্লাইওভার, রিংরোড, সড়ক প্রশস্তকরণ কার্যক্রম দ্রুততার সাথে বাস্তবায়নের অনুরোধ জানান।

এছাড়া চট্টগ্রামের শিল্প কারখানাগুলোতে জরুরি ভিত্তিতে গ্যাস সংযোগ দেয়ারও দাবি জানান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মোরশেদ মুরাদ ইব্রাহিম, মাজহারুল ইসলাম চৌধুরী ও মাহফুজুল হক শাহ উপস্থিত ছিলেন।