কারখানা চালুর দাবিতে বিকেএমইএ ঘেরাও
নারায়ণগঞ্জে বন্ধ থাকা একটি রপ্তানিমুখী সোয়েটার কারখানা চালুর দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুরে শহরের চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয় ঘেরাও করে শ্রমিকরা শহরের কিল্লারপুল এলাকার ভিবজিওর ফ্যাশন লিমিটেড খুলে দেয়ার দাবি জানায়।
বক্তারা বলেন, ঈদের পর কোন নিয়ম-নীতি ছাড়াই কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়। শ্রমিকদের বকেয়া বেতনও পরিশোধ করা হয়নি।
সমাবেশ থেকে আগামী শনিবার সকাল ৮টায় বন্ধ কারখানার সামনে অবস্থান এবং রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, দুলাল সাহা, আব্দুল হাই শরীফ, সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
বিকেএমইএ এর পরিচালক জি এম ফারুক জানান, ভিবজিওরের মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটিতে কাজ না থাকায় ঈদের পর থেকে বন্ধ রেখেছেন। নতুন আদেশ পেলে আবারও চালু করবেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আহমেদ জানান, মালিকপক্ষ লে-অফ ঘোষণার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিলেও শনিবারের মধ্যে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।
