২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ দিন পর কবর থেকে তোলা হল প্রতিবন্ধীর লাশ

আদালতের নির্দেশে ২৭ দিন পর ময়না তদন্তের জন্য ফরিদপুরের আলফাডাঙ্গার এক প্রতিবন্ধী শিশুর লাশ কবর থেকে তোলা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 05:16 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাঠিগ্রাম মাদ্রাসার কবরস্থান থেকে আজিজুল ইসলামের (৭) লাশ তোলা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের এবং  মামলার তদন্ত কর্মকর্তা আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অলিদুজ্জামান উপস্থিত ছিলেন।

ইউএনও মোহাম্মদ আবুল খায়ের জানান, আজিজুলের মা জোছনা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য বিচারিক হাকিমের আদালত লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেয়।

“ফরিদপুরের সিভিল সার্জনের নেতৃত্বে একটি মেডিকেল টিম ওই লাশের ময়না তদন্ত করবে।”

মামলায় বলা হয়, গত ২৬ জুলাই জাঠিগ্রামের পশ্চিম পাড়ার হেলাল শেখ তার প্রতিবন্ধী ছেলে আজিজুল খাট থেকে পড়ে মারা গেছে বলে এলাকাবাসীকে জানায়। তিনি তার দ্বিতীয় স্ত্রী জেসমিনের সহায়তায় তড়িঘড়ি করে আজিজুলের লাশ কবর দেন।

ওই সময় হেলালের  প্রথম স্ত্রী  ও আজিজুলের মা জোছনা বেগম বাড়িতে ছিলেন না।

পরের দিন জোছনা বেগম স্বামী হেলাল ও সতীন জেসমিনের বিরুদ্ধে তার প্রতিবন্ধী ছেলেকে হত্যার অভিযোগ এনে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই দিনই পুলিশ হেলাল শেখ (২৮) ও জেসমিনকে (২২) গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।