চুয়েটে ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর থেকে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তির আবেদন জমা শুরু হচ্ছে আগামী ২ সেপ্টম্বর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএস করে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।
৯ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে বলেও এতে জানানো হয়।
তবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং ইংরেজি মাধ্যমে ‘এ’ লেভেল পাস করা শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন না।
তাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.cuet.ac.bd অথবা http://180.211.172.99/admission থেকে আবেদন ফরম ডাউনলোড করে সভাপতি, ভর্তি কমিটি, সোনালী ব্যাংক লিমিটেড, সিইউইটি শাখা, চট্টগ্রাম বরাবর নির্ধারিত ফি ডিমান্ড ড্রাফট/পে-অর্ডার করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্রটি রেজিস্ট্রার, চুয়েট, রাউজান, চট্টগ্রাম-৪৩৪৯ এ ঠিকানায় একই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জমা দেয়া যাবে।
আবেদনকারীকে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪ পেতে হবে। এছাড়া ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংক, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩ (বি গ্রেড) এবং গ্রেড পয়েন্ট ১৭ থাকতে হবে।
এসএমএস দেয়ার নিয়ম
টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে CUET, স্পেস HSC শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস HSC পরীক্ষার রোল নম্বর, স্পেস HSC পাশের সাল, স্পেস SSC শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস SSC পরীক্ষার রোল নম্বর, স্পেস SSC পাশের সাল, স্পেস ভর্তি ইচ্ছুক গ্রুপ KA অথবা KHA লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উপজাতি কোটায় আবেদনকারীদের এসএমসের শেষে অতিরিক্ত TRI লিখতে হবে।
‘ক’ গ্রুপের জন্য মোবাইলের ব্যালেন্স থেকে ৭০০ টাকা এবং ‘খ’ গ্রুপের জন্য ৮০০ টাকা কেটে নিয়ে ফিরতি এসএমএসে আবেদনকারীকে পিন নম্বর জানিয়ে দেয়া হবে যা সংরক্ষণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.cuet.ac.bd অথবা http://180.211.172.99/admission থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এছাড়া ০১৫৫৫৫৫০১১ এবং ০১৫৫৫৫০১২ নম্বরে যোগাযোগ করেও তথ্য পাওয়া যাবে।
