‘বিশ্বজিৎকে কুপিয়েছিল শাকিল’
বিশ্বজিৎ দাসের খুনি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী রফিকুল ইসলাম শাকিলকে সনাক্ত করেছে দুই সাক্ষী।
বুধবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ এ বি এম নাজমুল হকের আদালতে সাক্ষ্য দেয়া দুই পরিবহনকর্মী ইউসুফ বেপারী ও আব্দুর রাজ্জাক হামলাকারী হিসেবে শাকিলকে সনাক্ত করেন।
বাহাদুর শাহ পরিবহনের এই দুই কর্মী বলেন, তারা শাকিলকে চাপাতি দিয়ে বিশ্বজিৎকে কোপাতে দেখেছেন।
বুধবার তাদের সঙ্গে আদালতে সাক্ষ্য দেন চায়ের দোকানি মো. শহীদ ও পরিচ্ছন্নতাকর্মী পার্বতী হাওলাদার।
গত বছরের ৯ ডিসেম্বর পিটিয়ে ও কুপিয়ে শাখারী বাজারের দরজি দোকানি বিশ্বজিৎকে হত্যার পর ঘটনাস্থলের রক্তাক্ত মেঝে মুছেছিলেন পার্বতী।
বুধবার চারজনকে নিয়ে আলোচিত এই মামলায় এখন পর্যন্ত ১৩ জনের সাক্ষ্য নেয়া হল। আগামী ২৫ অগাস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন বিচারক। এই মামলায় মোট সাক্ষী ৬০ জন।
বিরোধী দলের অবরোধের সময় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় শাখারী বাজারের দরজি দোকানি বিশ্বজিৎকে।
বাহাদুর শাহ পার্কের (ভিক্টোরিয়া পার্ক) কাছেই এই হত্যাকাণ্ড ঘটে, যার আসামিরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী।
এই পর্যন্ত সাক্ষ্য দেন বাদি সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মো. জালাল উদ্দিন, লক্ষ্মীবাজার অতিথি টেইলার্সের কর্মচারী সুমন খান, বাহাদুর শাহ পার্কের(ভিক্টোরিয়া পার্ক) উত্তর পাশের পেট্রোল পাম্পের কর্মচারী মো. সালেক, অতিথি টেইলার্সের কাটিং মাস্টার আব্দুল জব্বার, ভিক্টোরিয়া পার্কের ঝাড়ুদার স্বপন হাওলাদার, সিগারেট বিক্রেতা জাকির হোসেন রনি, মামলার নিবন্ধন (রেকর্ডিং) কর্মকর্তা সূত্রাপুর থানার উপ-পরিদর্শক আরাফাতুল হক খান এবং মামলার চালান দাখিলকারী সূত্রাপুর থানার কনস্টেবল কামাল হোসেন।
এছাড়া রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতে এসে আসামিদের পক্ষে কথা বলায় পঞ্চম সাক্ষী মো. বাবর ওরফে বাবুকে বৈরী ঘোষণা করা হয়।
মামলাটি এর আগে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে ছিল। সেখানেই গত ২৬ মে ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে- একথা জানিয়ে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের কারণে মামলার সাক্ষ্যগ্রহণ বার বার পিছিয়ে যায়।
পরে মামলা বদলির বিষয়ে গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার গেজেট বিজ্ঞপ্তি হাতে আসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচারকাজ ১৩৫ কার্যদিবসের মধ্যে শেষ করার বিধান রয়েছে।
