২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলা বাজারে চাল বিক্রি

চালের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় খোলা বাজারে বিক্রির (ওএমএস) সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 11:53 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

ডিলারদের চাল তোলা শেষ হলে বৃহস্পতিবার সকাল থেকেই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান।

তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানী ঢাকাসহ সাত বিভাগীয় শহর এবং নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী এবং কুমিল্লায় খোলা বাজারে চাল বিক্রি হবে।

রাজধানীর ৮০টি এবং অন্য জেলাগুলোর প্রত্যেকটিতে ৩০টি স্থানে চাল বিক্রি হবে। একজন ক্রেতা ২৪ টাকা দরে এক বারে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “হঠাৎ করে চাল কেজিতে ২ থেকে ৫ টাকা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়েছে। তাই ওএমএসের সিদ্ধান্ত।”

ঈদের আগে চালের দাম স্থিতিশীল থাকলেও এর পর চালের দাম বেড়ে যায়।

ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, কেজিতে মোটা চাল ২ টাকা, মাঝারি থেকে সরু চাল ৪-৫ টাকা বেড়েছে।

খোলা বাজারে চাল বিক্রি শুরু হলে বাজার স্থিতিশীল থাকবে বলে আহমদ হোসেন আশা প্রকাশ করেন।

সর্বশেষ মে মাসের ২১ তারিখ পর্যন্ত খোলা বাজারে চাল বিক্রি হয়। ওই সময় বাজারে নতুন চাল এলে খাদ্য অধিদপ্তর চাল বিক্রি বন্ধ করে।