২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুদান না পাওয়ার শঙ্কায় তারা

২১ অগাস্টের গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্ত হলেও সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর অনুদান প্রথম পর্যায়ে না পাওয়ায় পরে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন অনেকে।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 10:10 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

আওয়ামী লীগের পক্ষ থেকে পর্যায়ক্রমে সবাইকে অনুদান দেয়ার আশ্বাস দেয়া হলেও না পাওয়া ব্যক্তিরা বলছেন, পরবর্তী সরকার আওয়ামী লীগের না হলে অর্থ না পাওয়ার সম্ভাবনাই বেশি।

গ্রেনেড হামলার নবম বার্ষিকীতে বুধবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গুরুতর আহত ৫০ জনকে স্বচ্ছলতা বিচার সাপেক্ষে ১০ লাখ টাকা পারিবারিক সঞ্চয়পত্র দেয়া হয়।

২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় অন্তত ২৩ জন নিহত হন। আহত হন বহু, যাদের অনেকেই অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন, কেউরা এখনো দেহে স্প্লিন্টারের বেদনা নিয়ে আছেন।

Image
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বুধবার ২১ অগাস্ট গ্রেনেড হামলায় আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বুধবার ২১ অগাস্ট গ্রেনেড হামলায় আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্মরণ অনুষ্ঠানের পর নিহতদের পরিবার এবং আহতদের ৫০ জেনের হাতে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন শেখ হাসিনা।

এর মধ্যে অনেকে এই অনুদান না পেলেও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ বলেছেন, ক্ষতিগ্রস্ত সবাইকে ধারাবাহিকভাবে সহযোগিতা করা হবে।

“কেউই সাহায্য থেকে বঞ্চিত হবেন না,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

ক্ষমতাসীন দলের এই নেতা জানান, গ্রেনেড হামলার থেকেই বঙ্গবন্ধু ট্রাস্ট ফান্ড থেকে আহতদের চিকিৎসা খরচ, নিহতদের সন্তানদের শিক্ষা খরচ বহন করা হচ্ছে।

ঢাকার সাবেক ৭১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সেহেরা খাতুন (৪০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৪ সালে চিকিৎসার জন্য ২০ হাজার টাকা পাওয়ার পর আর কোনো সাহায্য পাননি তিনি।

পেটে, মুখে অসংখ্য স্প্লিন্টার থাকায় স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না জানিয়ে তিনি আক্ষেপ করে বলেন, “দলের তৈরি করা আহতদের তালিকায় নাম থাকার পরও প্রথমদিন অনুদান পাইনি।”

ঢাকা মহানগর যুব মহিলা লীগের (উত্তর) নেতা রত্না আকতার রুবিও জানান, তিনিও ২০ হাজার টাকার পর আর সহায়তা পাননি।

গ্রেনেড হামলায় আহত হওয়ার পর ডান কিডনি বিকল হয়ে পড়ায় সেটি ফেলে দিতে হয়েছে তার।

“এখনো কোনো কাজ করতে গেলে পা ফুলে যায়, শরীরে পানি চলে আসে।”

আহতদের তালিকায় তালিকায় ২১১ নম্বরে নাম রয়েছে জানিয়ে রুবি বলেন, “গুরুতর আহত হওয়ার পরও প্রথমদিন প্রধানমন্ত্রীর দেয়া অনুদান না পাওয়ায় খুব কষ্ট লাগছে।”

৮৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মমতাজ বেগমের আশা ছিল, অর্থ পেলে চিকিৎসা করাবেন।

Image
২১ অগাস্টের গ্রেনেড হামলায় আহত মমতাজ বেগম।

২১ অগাস্টের গ্রেনেড হামলায় আহত মমতাজ বেগম।

মমতাজের বাম পাসহ শরীরের বিভিন্ন অংশে এখনো স্লিন্টার রয়েছে। “প্রায়ই প্রচণ্ড ব্যথা হয়।”

তারও অভিযোগ, গুরুতর আহতদের অনেকেই প্রথম দিন অনুদান পাননি।

কদমতলী থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানাও একই কথা বলেন।

তারা সবাই অভিযোগ করেছেন, অনুদানের জন্য করা তালিকাটি আরো সতর্কতার সঙ্গে করা প্রয়োজন ছিল।

নিজেদের অসহায়ত্ব তুলে ধরে শেখ হাসিনাসহ দলের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।