শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার একটিরও নিষ্পত্তি হয়নি
আইন কর্মকর্তাদের অদক্ষতা এবং সাক্ষী হাজির করতে ব্যর্থতার কারণে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ছয়টি মামলার বিচার কাজ ঝুলে আছে বছরের পর বছর।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের দুই মামলার বিচারে সামান্য গতি থাকলেও ১৯৮৯ সালের ১০ অগাস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে ফ্রীডম পার্টির নেতৃত্বে হামলার ঘটনায় দুই মামলা; ২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যার জন্য ৭৬ কেজি বোমা পুঁতে রাখার মামলা, ২০০২ সালের ৩০ অগাস্ট সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি কার্যালয়ের সামনে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় মামলার বিচার থমকে আছে।
এর মধ্যে সাতক্ষীরার ঘটনাটি ছাড়া সবগুলো মামলাই ঢাকার আদালতে বিচারাধীন। এসব মামলার বিচার কবে শেষ হবে- তা বলতে পারছেন না সংশ্লিষ্টরা।
ফ্রিডম পার্টির বোমা হামলা
২৪ বছর আগে ধানমন্ডির বাড়িতে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার বিচারকাজ ঝুলে আছে আসামিদের জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটকে না পাওয়ার কারণে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের তখনকার মহানগর হাকিম আফজালুর রহমান এ মামলায় তিন আসামির ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছিলেন। বর্তমানে মামলাটির বিচার চলছে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে।
সাক্ষী হিসাবে তার জবানবন্দি নেয়ার জন্য বার বার সমন পাঠিয়েও আফজালুরের হদিস না পাওয়ায় কয়েক দফায় পিছিয়ে যায় এ মামলার সাক্ষ্যগ্রহণ।
এরপর তার বাড়ি টাঙ্গাইলের কোতয়ালী থানার বিলওয়ালী গ্রামের ঠিকানায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও পাঠানো হয়।
এ আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি সাইফুল ইসলাম হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে আরো একটি মামলা বিচারাধীন। তবে হত্যা চেষ্টা মামলাটির ওপরই বেশি জোর দেয়া হচ্ছে।”
মামলার নথিতে বলা হয়েছে, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ১৯৮৯ সালের ১০ অগাস্ট মধ্যরাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ফ্রিডম পার্টির সদস্য কাজল ও কবিরের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল হামলা করে। তারা একযোগে গুলি চালিয়ে ও বোমা ফাটিয়ে ‘ফারুক রশীদ জিন্দাবাদ’ শ্লোগান দিয়ে চলে যায়।
ওই সময় বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. জহিরুল ইসলাম বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন। পরে তিন আসামি রেজাউল ইসলাম খান, মো. লিয়াকত ও হুমায়ুন কবীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, কর্নেল রশীদ ও বজলুল হুদার নির্দেশেই তারা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালায়।
ফারুক ও রশিদ দুজনেই বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
নথিপত্র থেকে জানা যায়, এইচ এম এরশাদ সরকারের আমলে দায়ের হওয়া এ মামলাটির তদন্ত কাজ সে সময় বন্ধ থাকে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তদন্ত গতি পায়। ১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মামলাটিতে অভিযোগপত্র দেয়, তাতে ফ্রিডম পার্টির নেতা ও বঙ্গবন্ধুর খুনী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) সৈযদ ফারুক, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) আবদুর রশিদ ও মেজর (অবসরপ্রাপ্ত) বজলুল হুদাসহ ১৬ জনকে আসামি করা হয়।
এরপর আবারো দীর্ঘদিনের জন্য থমকে যায় মামলাটির কার্যক্রম।
২০০৯ সালে আবারো আওয়ামীলীগ ক্ষমতায় এলে মামলার বিচারে ফের কিছুটা গতি আসে। ওই বছর ৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৭ অগাস্ট শুরু হয় সাক্ষ্যগ্রহণ। আর চলতি বছর মে মাসে গ্রহণ করা হয় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য।
এরই মধ্যে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হলেও শুনানি আটকে থাকে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় নথি পাঠানো হয় ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে।
তিন বিচারকের হাত ঘুরে বর্তমান আদালতে নথি আসার পর বিচারক এএইচএম হাবিবুর রহমান ভূইয়া ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি গ্রহণকারী হাকিমের সাক্ষ্য নেয়ার জন্য ১ সেপ্টেম্বর দিন রেখেছেন।
মামলার চার আসামি গোলাম সারোয়ার, সোহেল, জর্জ, মো. শাজাহান বালু কারাগারে রয়েছেন। জামিনে রয়েছেন হুমায়ুন কবির (১), মিজানুর রহমান, খন্দকার আমিরুল ইসলাম কাজল ও গাজী ইমাম হোসেন।
অপর পাঁচ আসামি লেফটেনেন্ট কর্নেল আবদুর রশীদ, মো. হুমায়ুন কবীর (২), জাফর আহম্মদ, নাজমুল মাকসুদ মুরাদ, রেজাউল ইসলাম খান পলাতক।
এ ছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলায় সৈয়দ ফারুক রশীদ ও বজলুল হুদার ফাঁসির দণ্ড কার্যকর হওয়ায় তাদের মামলা থেকে বাদ দেয়া হয়েছে।
কোটালীপাড়ায় বোমা
শেখ হাসিনার ভাষণের জন্য মঞ্চ নির্মাণের সময় গত ২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের উত্তর পাশের একটি দোকানের সামনে থেকে মাটিতে পুঁতে রাখা ৭৬ কেজি ওজনের বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। দুই দিন পরে ওই কলেজের মাঠে একটি জনসভায় ভাষণ দেয়ার কথা ছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
ওই ঘটনায় কোটালী পাড়া থানার উপপরিদর্শক নূর হোসেন বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন, যাতে ১৬ জনের বিরুদ্ধে ২০০১ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দাখিল করা হয়।
পরে ২০০৯ সালের ২৯ জুন নতুন করে ৯ জনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। গোপালগঞ্জের আদালতে সম্পূরক অভিযোগপত্রটি যখন দেয়া হয় তখন রাষ্ট্রপক্ষে অভিযোগপত্রভুক্ত ৮৯ জন সাক্ষীর মধ্যে ৪১ জনের সাক্ষ্য শেষ হয়ে গিয়েছিল।
গোপালগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালের তখনকার বিচারক গোলাম মুরশেদ পরে ওই ৪১ সাক্ষীকে আবারো সাক্ষ্য দিতে ডাকেন।
‘জনগুরুত্বসম্পন্ন ও স্পর্শকাতর’ বিবেচনায় ২০১০ সালের সেপ্টেম্বরে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর নথি আসে ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে, যেখানে মামলাটি বর্তমানে বিচারাধীন।
ঘটনাস্থলের চায়ের দোকানি আসামি মুফতি হান্নানের খালাতো ভাই বদিউজ্জামান গত বছরের ১ অগাস্ট এ ট্রাইব্যুনালের বিচারক মো. নূরুজ্জামানের কাছে সাক্ষ্য দেন। এরপর একের পর এক তারিখ চলে গেলেও আর কারো সাক্ষ্য নেয়া সম্ভব হয়নি। ট্রাইব্যুনাল থেকে অবশিষ্ট সাক্ষীদের ঠিকানায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও আদালতে আনা যায়নি তাদের।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে সাক্ষীদের পরোয়ানা পৌঁছানোর দায়িত্ব দেয়া হলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তার কার্যালয়ে কোনো পরোয়ানাই নাকি পৌঁছেনি।
এ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি সৈয়দ সামসুল হক বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সত্যি কথা বলতে কি, গোপালগঞ্জের আদালত থেকে সাক্ষী রিকলের আদেশ হওয়ার পর আমরা বিপদে পড়ে গেছি। এতোগুলো সাক্ষীকে আবার ঢাকার আদালতে নিয়ে আসা কঠিন। তাছাড়া এতোদিন পর তাদের কারো বক্তব্যে অমিল তৈরি হলে হিতে বিপরীত হতে পারে।”
এ ধরনের স্পর্শকাতর মামলার বিচারের দায়ভার অনেক বিচারক এড়িয়ে চলতে চান বলেও মন্তব্য করেন এই আইনজীবী।
তিনি বলেন, গত ১৮ অগাস্ট গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আক্কাস আলী আদারতে এলেও তার সাক্ষ্য নেয়া যায়নি।
এ মামলার ২৫ আসামির মধ্যে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ৯ জন কারাগারে এবং একজন জামিনে আছেন। ১৫ জন রয়েছেন পলাতক।
২১ অগাস্ট গ্রেনেড হামলা
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এক সমাবেশে শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার ঠিক আগে গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
সেই সময়ের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো ওই হামলায় তিনি প্রাণে বেঁচে যান। তবে নিহত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ অন্তত ২৩ জন। আহত হন বহু মানুষ।
বিচার শুরুর পর পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো সাক্ষ্যগ্রহণের পর্যায়েই রয়েছে এ মামলা। ৪৯১ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৭১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ ওঠে। জজ মিয়া নামে এক ভবঘুরেকে আসামি সাজিয়ে তদন্ত এগিয়ে নিতে থাকে সিআইডি। এজন্য তিন তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে সিআইডি কর্মকর্তা ফজলুল কবীর বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ১১ জুন হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে সিআইডির বিশেষ পুলিশ সুপার কাহহার আকন্দের অধিকতর তদন্তে আসামির তালিকায় যোগ হন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ আরো ৩০ জন।
ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আগে একবার দ্রুতবিচার ট্রাইব্যুনালে পাঠানো হলেও নির্ধারিত ১৩৫ কার্যদিবসের মধ্যে বিচার শেষ না হওয়ায় তা জজ আদালতে ফেরত যায়।
নতুন আসামি যোগ হওয়ার পর পুনরায় মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়, এখন মামলার বিচারকাজ চলছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে স্থাপিত বিশেষ এজলাসে মামলার ৭২তম সাক্ষী র্যাবের সাবেক গোয়েন্দা উপ-পরিচালক মোহাম্মদ আতিকুর রহমানের সাক্ষ্য নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ অগাস্ট তারিখ ঠিক করেছেন এই বিচারক।
আতিকের আগে এই মামলায় সাক্ষ্য দেন বিএনপি আমলের উপ মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর বডিগার্ড পুলিশ কনস্টেবল আহসান হাবিব। মামলার অন্যতম আসামি পিন্টু কারাগারে রয়েছেন।
এই মামলায় সাক্ষ্যে লেফটেন্যান্ট কমান্ডার মিজানুর রহমান বলেছিলেন, ২০০৪ সালের ১৮ ও ১৯ অগাস্ট উপমন্ত্রী পিন্টুর বাসায় ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার পরিকল্পনা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন, হুজি নেতা মুফতি হান্নান, আবু তাহের।
তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও ওই বৈঠকে হাজির হয়েছিলেন বলে মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে জানান ওই সময়কার ডিজিএফআই কর্মকর্তা মিজানুর রহমান।
সম্পূরক অভিযোগপত্রে অভিযুক্ত ৩০ আসামির মধ্যে তারেক ছাড়া অন্যরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, ঢাকার সাবেক কাউন্সিলর আরিফুর রহমান।
এছাড়া হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ, মাওলানা শেখ আব্দুস সালাম, মো. আব্দুল মাজেদ বাট ইউসুফ, আব্দুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ, আব্দুর রউফ ওরফে আবু ওমর হোমায়রা, আব্দুল হান্নান সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, রাতুল বাবুকেও সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয়।
এই আসামিদের মধ্যে তারেক, হারিছ,কায়কোবাদসহ কয়েকজনকে পলাতক দেখিয়েই তাদের বিচার চলছে।
আগের অভিযোগপত্রের আসামিদের মধ্যে যারা আটক রয়েছেন, তারা হলেন- সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান, মহিবুল্লা ওরফে মফিজুর রহমান ওরফে অভি, শরীফ শাহেদুল আলম বিপুল, মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, জাহাঙ্গীর আলম, হাফেজ আবু তাহের, শাহাদাত উল্লাহ জুয়েল, হুসেইন আহমেদ আমিন, আবু জান্দাল ওরফে মঈনুদ্দীন শেখ, আরিফ হাসান সুমন, রফিকুল ইসলাম সবুজ ও উজ্জ্বল ওরফে রতন।
আসামিদের মধ্যে পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন, মো. খলিল, জাহাঙ্গীর আলম বদর, মো. ইকবাল, মুত্তাকিন, মুরসালিন, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার ও মাওলানা লিটন পলাতক রয়েছেন।
সব মিলিয়ে ৫২ আসামির মধ্যে পলাতক রয়েছেন ১৯ জন।
