৬০ হাজার প্রাকটিন ট্যাবলেট উদ্ধার
দিনাজপুরে মঙ্গলবার রাতে গরু মোটা-তাজাকরণে ব্যাবহৃত প্রায় ৬০ হাজার প্রাকটিন ট্যাবলেটসহ বিপুল ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি।
বিরামপুর-ফুলবাড়ী সড়কের টাটকাপুর এলাকায় এ অভিযানে কাউকে আটক করা যায়নি বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।
বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে টাটাকপুরে বিজিবির একটি টহল দল একদল চোরাচালানিকে ধাওয়া করে।
এ সময় তারা সঙ্গে থাকা চোরাচালানের মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ৬০ হাজার ২৩০টি প্রাকটিন ট্যাবলেট, এক হাজার ৫০ বোতল ফেনসিডিল, ছয় হাজার যৌন উত্তেজক ট্যাবলেট সেনেগ্রা, ৫শ’ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ ইমিটেশন সামগ্রী উদ্ধার করে।
এসব সামগ্রীর আনুমানিক মূল্য ৪০ লাখ ৬৫ হাজার টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
মিজানুর রহমান আরো জানান, কোরবানির ঈদকে সামনে রেখে ভারত থেকে চোরা পথে বিপুল সংখ্যক গরু মোট-তাজাকরণে ব্যাবহৃত প্রাকটিন ট্যাবলেট আসছে।
কয়েকদিন আগে আরো প্রায় ১৩ হাজার প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করা হয় বলেও তিনি জানান।
