২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনদিন আটকের পর অপহরণ মামলায় মা-মেয়ে জেলে

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা হাজতে তিনদিন আটক রেখে একটি অপহরণ মামলায় মা ও মেয়েকে জেলে পাঠানোর ঘটনাটি তদন্ত করবে মহানগর পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 10:10 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

সোমবার নগরীর অলোকার মোড় এলাকার বাসিন্দা সাবিনা বেগম (৪৫), তার মেয়ে আশা খাতুনকে (২০) একটি অপহরণ মামলায় কারাগারে পাঠায় পুলিশ। অপর মেয়ে আসমানি খাতুনকে (১২) সেফহোমে পাঠানো হয়।

এ মামলাটি দায়ের করেন আশার স্বামী আকিমুল ইসলাম হৃদয়। তিনি তার বাবা আব্দুর রশিদকে অপহরণের অভিযোগ আনেন।

পরে শনিবার বিকালে পুলিশ সাবিনা, তার মেয়ে আশা ও আসমানি খাতুনকে আটক করে থানায় নিয়ে আসেন।

এ নিয়ে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশের পর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) আবু সালেহ মোহাম্মদ গোলাম মাহমুদ বিষয়টির প্রাথমিক তদন্ত করে এর সত্যতা পান।

পরে তিনি মঙ্গলবার বিকালে পত্রিকার কাটিংসহ প্রতিবেদন মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ-জামান কাযালয়ে দাখিল করেন।

উপ-পুলিশ কমিশনার (সদর) আবু সালেহ মোহাম্মদ গোলাম মাহমুদ জানান, প্রতিবেদনে উচ্চতর কমিটি করে বিষয়টি তদন্তের মাধ্যমে বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়াসহ সংশ্লিষ্ট  কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।

মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান জানান, তিনি ছুটিতে ঢাকায় অবস্থান করছেন। ফিরে গিয়ে ঘটনা তদন্তে কমিটি করবেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান বলেন, আকিমুল তার বাবাকে অপহরণের অভিযোগে স্ত্রী আশা ও শাশুড়ি সাবিনার বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি।

সোমবার সাবিনা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ছয় মাস আগে আশা ও নাটোরের লালপুরের হৃদয়ের বিয়ে হয়। হৃদয় স্ত্রীকে নিয়ে সাবিনার সঙ্গেই থাকতেন। গরিব মেয়ে বলে তার উপর প্রায়ই নির্যাতন করা হত।

শনিবার বিকেলে মেয়েকে নির্যাতনের অভিযোগ করার জন্য থানায় গেলেও সে অভিযোগ নেয়নি পুলিশ।

কিন্তু সন্ধ্যার পর মেয়ে জামাই আকিমুল ইসলাম হৃদয়ের পরিবারের সঙ্গে মীমাংসা করার কথা বলে তাদের থানায় ডেকে নিয়ে আসে পুলিশ।

হৃদয়কে আটক করা হলেও তাকে রাতেই ছেড়ে দেয় পুলিশ।