২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জিয়া-এরশাদের সময়ে পুলিশি নিরাপত্তা পান মুঈনুদ্দীন’

একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন স্বাধীনতার পর দেশে ফিরলে জিয়াউর রহমান ও এরশাদ সরকার তার নিরাপত্তায় পুলিশ পাহারার ব্যবস্থা করেছিল বলে ট্রাইব্যুনালে জানিয়েছেন এক সাক্ষী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 10:03 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগে দেশের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে অভিযুক্ত মুঈনুদ্দীন ও আরেক বদর নেতা আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মামলার সাক্ষ্যে একথা বলেন শরীয়ত উল্লাহ বাঙ্গালী।

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি।

প্রসিকিউশনের চতুর্দশ সাক্ষী শরীয়ত উল্লাহ বলেন, “স্বাধীনতার পরে জিয়া ও এরশাদের আমলে চৌধুরী মুঈনুদ্দীন দেশে আসে এবং পুলিশ পাহারায় নিজ বাড়িতে যায়।”

চৌধুরী মুঈনুদ্দীনের নেতৃত্বে পরিচালিত ‘মুসলিম এইড’ নামে একটি বেসরকারি সংস্থা ফেনী ও দাগনভূঞা এলাকায় কাজ করে এবং সংস্থাটির অর্থায়নে নিজ বাড়িতে একটি মাদ্রাসাও পরিচালিত হয় বলে জানান এই সাক্ষী।

ফেনীর দাগনভুঞা এলাকার বাসিন্দা এই মুক্তিযোদ্ধা জানান, পাশাপাশি বাড়ি হওয়ায় চৌধুরী মুঈনুদ্দীনকে আগে থেকেই চিনতেন তিনি। তাদের দুজনের বাড়ির মধ্যে দূরত্ব চার কিলোমিটার।

কোনো এক কুরবানির ঈদে স্থানীয় ফাজিলের ঘাট ঈদগাহ মাঠে মুঈনুদ্দীনকে নামাজ পড়তে বাধা দেয়ার ঘটনা স্মরণ করেন শরীয়ত উল্লাহ।

“সে নামাজ পড়তে চাইলে আমরা মুক্তিযোদ্ধারা বাধা দেই। কারণ, তিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।”

তাদের বাধার মুখে নামাজ না পড়েই চৌধুরী মুঈনুদ্দিন ফিরে যান বলে জানান তিনি।

শরীয়ত উল্লাহ বলেন, “চৌধুরী মুঈনুদ্দীনের বাবা দেলোয়ার হোসেন চৌধুরীর দাগনভূঞা বাজারে একটি লাইব্রেরি ছিল। সেখানে চৌধুরী মুঈনুদ্দীন মাঝে মাঝে বসত। ইসলামী ছাত্রসংঘের নেতা হিসেবে সে এলাকায় মিছিল-মিটিং করত।”

“আমি শুনেছি, একাত্তর সালে পরিবারের সদস্যদের নিয়ে এলাকায় একটি রাজাকার বাহিনী গঠন করেছিলেন তিনি।”

সাক্ষী নিজের সম্পর্কে বলেন, ১৯৭১ সালে ভারতের আসাম রাজ্যের আর্মি ক্যাম্পে প্রশিক্ষণ শেষে ২ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি।

শরীয়ত উল্লাহ বলেন, “স্বাধীন হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যায় চৌধুরী মুঈনুদ্দীন। বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে তার জড়িত থাকার কথা জানতে পেরে আমরা তার বাড়িতে গিয়ে তাকে খুঁজে পাইনি।”

সাক্ষ্য দেয়া শেষ হলে তাকে জেরা করেন পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী আব্দুস শুকুর খান ও সালমা হাই টুনি।

গত ২৪ জুন চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়।

বিদেশে অবস্থানরত এই দুই ব্যক্তিকে আদালতে হাজির হতে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে।

তারপরও আসামিরা হাজির না হওয়ায় অনুপস্থিতিতেই বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আশরাফুজ্জামানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের বেজড়া ভাটরা (চিলেরপাড়) গ্রামে। অন্যদিকে যুক্তরাজ্যে বসবাসরত চৌধুরী মুঈনুদ্দীনের বাড়ি ফেনীর দাগনভূঞার চানপুরে।

পুরনো খবর:

ট্রাইব্যুনালে আসবেন না মুঈনুদ্দীন
‘চৌধুরী মুঈনুদ্দীনই ছিলেন’