আলু নিয়ে বিপাকে রাজশাহীর কৃষক
হিমাগারে মজুদ আলু নিয়ে বিপাকে পড়েছেন রাজশাহী অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা।
ভাল ফলনে বাজারে দাম কমে যাওয়ায় আলুতে এখন লোকসান গুনতে হচ্ছে বলে জানান তারা।
রাজশাহী হিমাগার মালিক সমিতির সভাপতি আবু বক্কর আলী বলেন, জেলার সরকারি-বেসরকারি ২৬টি হিমাগারে এবার প্রায় সাড়ে ৩৩ লাখ বস্তা (প্রতিবস্তা ৮৬ কেজি) আলু সংরক্ষণ করা হয়।
“এখনো প্রায় ২০ লাখ বস্তা আলু হিমাগারে রয়েছে। দাম কমে যাওয়ায় কৃষক বা ব্যবসায়ীরা আলু হিমাগার থেকে বের করছেন না।”
তিনি বলেন, মঙ্গলবার হিমাগারগুলোতে প্রতিবস্তা কাটিনাল আলু ৮০০-৮৫০ টাকা এবং ডায়মন্ড আলু ৭০০-৭৫০ টাকায় বিক্রি হয়েছে। এতে আলু ব্যবসায়ীদের ৪০০-৫০০ টাকা পর্যন্ত প্রতিবস্তায় লোকসান গুনতে হচ্ছে।
এদিকে রাজশাহী মহানগীর সবচেয়ে বড় কাঁচা বাজার সাহেববাজারে গিয়ে দেখা গেছে, কাটিনাল আলু প্রতিকেজি ১৫-১৬ টাকা এবং ডায়মন্ড আলু প্রতিকেজি ১০-১২ টাকা দরে বিক্রি হচ্ছে।
রাজশাহী কৃষি কর্মকর্তা সালেহ আহমেদ জানান, গত মৌসুমে রাজশাহীতে প্রায় এক কোটি বস্তা আলু উৎপাদন হয়েছে। কৃষকদের বাড়িতে বিশেষ ব্যবস্থায়সহ হিমাগারে প্রায় ৪০ লাখ বস্তা আলু সংরক্ষণ করা হয়।
“অতিরিক্ত উৎপাদন হওয়ার কারণে বাজারে আলুর দামও কমেছে। ফলে এবার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে লোকসানের মুখে পড়েছেন।”
