২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোনের খোঁজে এসে ভাই খুন

ছোট বোনকে খুঁজতে চট্টগ্রাম থেকে সাভারে এসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 07:55 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

মঙ্গলবার বিকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে ওভারব্রিজের উপর সায়েদ মো. আমির হামজা কাজলকে (২৮) ছুরিকাঘাত করে হত্যা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত কাজল নোয়াখালী জেলার হাতিয়া থানার পশ্চিম লক্ষিদিয়া গ্রামের সাইফুদ্দিন শামীম মুহুরীর ছেলে।

সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মসিউদ্দৌলা রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল আনুমানিক ৪টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের ওভারব্রিজের উপরে সিঁড়ির মধ্যে এক যুবক কাজলের বুকে ছুরি মেরে দৌড়ে পালিয়ে যায়।

“পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরো বলেন, শুক্রবার কাজলের ছোট বোন সুরাইয়া আক্তার মনি (১৭) মোবাইল ফোনের সূত্র ধরে প্রেম করে নয়ন নামের এক যুবকের সঙ্গে পালিয়ে আসে।

তারা সাভারের তেঁতুলঝোড়া এলাকার ঋষিপাড়া মহল্লায় একটি বাসাও ভাড়া নেয়।

সাভারে সেই বোনকেই খুঁজতে এসেছিলেন কাজল।

হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কাজলের সঙ্গে আসা তার বন্ধু শরিফুল ইসলামকে (২৫) আটক করেছে পুলিশ।

আটক শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনি পালিয়ে আসার পর নয়ন কাজলের মোবাইল ফোনে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিলেই মনিকে ছেড়ে দেয়ার কথা জানায় নয়ন।

“মঙ্গলবার সাভার বাজার বাসস্ট্যান্ডের ওভারব্রিজের উপরে সিঁড়ির মধ্যে কাজলকে অপেক্ষা করতে বলে নয়ন। সেখানে গেলে কিছু বুঝে উঠার আগেই এক যুবক তাকে ছুরি মেরে পালিয়ে যায়।

তিনি বলেন, শত শত লোকজন দাঁড়িয়ে ঘটনা দেখেছে অথচ কেউ এগিয়ে আসেনি।

নিহতের বড় বোন লাভলী চট্টগ্রাম থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় বোনের পরে কাজল একমাত্র ভাই।

“মনি এক বখাটের সঙ্গে গত শুক্রবার পালিয়ে যায়। তাকে খুঁজতে গিয়েই ভাই খুন হয়েছে।”

এ ব্যাপারে সাভার মডেল থানায় হত্যা মামলা করা হবে বলে জানান এএসপি মসিউদ্দৌলা রেজা।