না.গঞ্জে হেফাজতের ১১ নেতাকর্মী জেলে
সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জের ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা হোসেনের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠায়।
এরা হলেন, জেলা হেফাজতে ইসলামের আহ্বায়ক ও শহরের ডিআইটি কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল, যুগ্ম-আহ্বায়ক ও শহরের আমলপাড়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল কাদের, ফতুল্লার কাশীপুর মাদ্রাসার অধ্যক্ষ জামাল উদ্দিন, জেলা ওলামা দলের সভাপতি সামসুদ্দোহা, শহরের দেওভোগ মাদ্রাসার শিক্ষা সচিব আবদুর রহমান, শিক্ষক মুসা কাশেমী, আবুল খায়ের, সদর উপজেলার ফতুল্লার সাইজুদ্দিন মাদ্রাসার শিক্ষক লোকমান হোসেন, শহরের হাজীগঞ্জ মাদ্রাসার শিক্ষক মহিবুল্লাহ, শহরের দেওভোগ মাদ্রাসার মোহতামিম আশরাফ হোসেন।
আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, গত ৬ মে সোনারগাঁওয়ের কাঁচপুরে পুলিশ বক্সে হেফাজতের লোকজন লুটপাট ও অগ্নিসংযোগ করে।
এ ঘটনায় সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুলহাস বাদী হয়ে ওই ১১ জনসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
আসামিরা হাইকোর্ট থেকে অর্ন্তবর্তী জামিন শেষে মঙ্গলবার দুপুরে নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
