২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ব্র্যাক ইপিএলে তালা, বিনিয়োগকারীদের বিক্ষোভ

কাউকে না জানিয়ে শেয়ার বিক্রি করায় একটি ব্রোকার হাউজে তালা দিয়ে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 04:31 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর চৌহাট্টায় ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড অফিসে এ ঘটনা ঘটে।

তবে, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।

বিনিয়োগকারী  রাজু আহমদ, জিল্লুর রহমান, মকবুল আলী, আবুল বাশার, সিরাজ উদ্দিন, মকবুল হোসেন, এমদাদুর রহমান জানান, গত দুই দিনে বিনিয়োগকারীদের না জানিয়ে প্রায় ৭০টি বিও একাউন্টের কয়েক কোটি টাকার শেয়ার ফোর্স সেল করে দেয় ব্র্যাক ইপিএল কর্তৃপক্ষ।

তাদের অভিযোগ, অনেক বিনিয়োগকারীর একাউন্ট ফোর্স সেলের আওতায় না থাকলেও কর্তৃপক্ষ সম্পূর্ণ নিয়ম বহির্ভুতভাবে তাদের শেয়ার বিক্রি করেছেন। ফলে বিনিয়োগকারী পথে বসেছেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে শেয়ার ফিরিয়ে না দিলে কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।

কয়েকমাস আগেও ব্র্যাক ইপিএল কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের শেয়ার ফোর্স সেল করে। সে সময় আন্দোলনের মুখে কর্তৃপক্ষ আর ফোর্স সেল না করার আশ্বাস দিলেও তারা তাদের কথা রাখেনি বলে অভিযোগ করেন বিনিয়োগকারীরা।

ব্র্যাক ইপিএল সিলেটের ব্যবস্থাপক মো. ইসমাইল হোসাইন মুন্সী জানান, নিয়ম মেনে এবং গ্রাহকদের জানিয়েই তাদের শেয়ার বিক্রি করা হয়েছে।

গ্রাহকদের অভিযোগের সত্যতা জনতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ ব্যাপারে বিস্তারিত জানতে তার হেড অফিসে যোগযোগ করতে বলেন।