২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে শ্রমিককে কুপিয়ে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরে সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে এক কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় আহত হন অন্তত ছয়জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

মঙ্গলবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় জেএমএস কম্পোজিট নিটওয়ার লিমিটেড কারখানায় এ হামলায় নিহত আনিছুর রহমান (৪০) মৌচাক নবুয়ারবাগ এলাকার ইসাক আলী সওদাগরের ছেলে।

এ ঘটনায় পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, নিশ্চিন্তপুর এলাকায় জেএমএস কম্পোজিট নীটওয়্যার লিমিটেড পোশাক কারখানার দক্ষিণ পাশে সানমুন টেক্সটাইল নামের একটি পরিত্যক্ত কারখানা রয়েছে। দুই কারখানার মাঝে কোনো সীমানা প্রাচীর নেই। সম্প্রতি ওই কারখানা মালিক কিছু জমি আমির হোসেন ও আনোয়ার হোসেন নামের দুই ব্যক্তির কাছে বিক্রি করেন।

সকাল সাড়ে ৭টার দিকে আমির হোসেন ও আনোয়ার হোসেন ৩০-৩৫ জন লোক নিয়ে জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে যান। এ সময় ওই কারখানার উৎপাদন কর্মকর্তা আলমগীর হোসেনসহ ১০-১২ জন শ্রমিক কাজে বাধা দিলে প্রতিপক্ষের লোকজন দা, লাঠি, রড নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে সাত শ্রমিক আহত হয়।

মির্জাপুরের কুমুদিনি হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক আনিছুর রহমানকে মৃত বলে জানান।

এ ঘটনার পর পুলিশ আমির হোসেন (৫৮), আনোয়ার হোসেন (৩৫), মো. ফিরোজ (৩৫) ও মুকুল হোসেনকে (২৮) গ্রেপ্তার করে।

কারখানার পরিচালক মো. হুমায়ূন কবীর বলেন, তাদের কারখানার পাশে ৩০ শতাংশ জমি রয়েছে। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কোনো আলোচনা ছাড়াই প্রতিপক্ষ দেয়াল করতে এলে শ্রমিকরা বাধা দেয়। এ সময় তারা হামলা একজনকে হত্যা করে।