পরিবহন সমস্যায় রাবি শিক্ষার্থীরা
বাসের অপ্রতুলতাসহ নানা সমস্যার কারণে প্রতিদিন ভোগান্তির মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়।
বিভিন্ন বিভাগে আসন বৃদ্ধি হওয়া এবং সেশন জটের কারণে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য বাসের সংখ্যা বাড়েনি। ফলে ঝুঁকি নিয়ে গাদাগাদি করে আর ঝুলতে ঝুলতে যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের।
১৯৬০ সালের গোড়ার দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু হয়।
পরিবহন সেক্টরের বেহাল দশার কথা স্বীকার করে পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক সায়েদুজ্জামান বলেন, “আমরা ফিটনেসবিহীন গাড়ি দূর করার চেষ্টা করছি। কিন্তু বাজেটের অপ্রতুলতার কারণে তা হয়ে উঠছে না।”
এ ব্যপারে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনকে অবহিত করবেন বলে জানান।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবহন রয়েছে ৬০টি। এর মধ্যে বাস ৩৭টি, মাইক্রোবাস ৭টি, কার ৫টি, জিপ ৫টি, পিকআপ ৪টি ও এ্যাস্বুলেন্স ৩টি।
বাসগুলোর অধিকাংশই কেনা হয় সত্তর ও আশির দশকে।
ছুটির দিন ছাড়া সপ্তাহে ছয় দিন শিক্ষার্থীদের সুবিধার্থে ১২টি রুটে একসঙ্গে ২৬টি বাস প্রতিদিন আট বার যাতায়াত করে।
শিক্ষার্থীদের অভিযোগ বাসস্ট্যান্ডে ছাত্র ছাউনি না থাকায় ছাত্রদের বৃষ্টির দিনে ভিজে আর গ্রীষ্মের দিনে রোদে পুড়ে দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হয়। আর ক্যাম্পাসের বাস স্ট্যান্ডের অবস্থা খুবই করুন।
অধিকাংশ বাসে রুটের নাম ফলক না থাকায় নবাগত ছাত্রছাত্রীরা বিড়াম্বনার শিকার হন। প্রতিটি বাসে নামফলক ব্যাবহারের নির্দিষ্ট জায়গা থাকলেও চালক ও সহকারীরা তা ব্যবহার করেন না।
এছাড়া বহিরাগতদের ভিড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানা ঝামেলা পোহাতে হয়। তাদের উৎপাত বন্ধ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একধিকবার উদ্যেগ নিলেও তা সফল হয়নি।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহন্তাসিম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুড়ির ঠোঙার মতো দেখতে এইসব জরাজীর্ণ বাসে চলাচল করে শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কোনো কোনো বাসে সিটের অস্থিত্বটুকুও নেই বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া চালক ও সহকারীদের দৌরাত্ম্য অসহ্য হয়ে উঠেছে বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেন।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসচালকরা মনে করে তারা নিজস্ব অর্থায়নে গাড়ি চালাচ্ছে। নির্দিষ্ট স্টপেজে গাড়ি ঠিকমতো থামায় না। চলন্ত গাড়িতে উঠতে গিয়ে কেউ কেউ পা ফসকে পড়েও যান।
এ ব্যাপারে কর্তৃপক্ষ উদাসীন বলে দাবি করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে এক চালক বলেন, বাসগুলো এত পুরাতন যে, ঠিকমত চালানো যায় না। তাছাড়া সামনে ভাল কাচ না থাকা এবং সাইডে জানালার কাচ না থাকায় ধুলা বালি চোখে পড়ে যায়। এতে গাড়ী চালাতে বেশ অসুবিধা হয়।
