সিলেটে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট এগ্রিকালচার ট্রেনিং ইন্সটিটিউট থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ইন্সটিটিউটের বেগম রোকেয়া হলের একটি কক্ষে আকলিমা আক্তারের (১৯) লাশ পাওয়া যায়।
প্রতিষ্ঠানের কৃষি ডিপ্লোমা কোর্সের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের ছাত্রী আকলিমা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বক্তারপুর গ্রামে হাবিবুর রহমানের মেয়ে।
আকলিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
শাহপরাণ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ইন্সটিটিউটের রোকেয়া হলের ৩য় তলার ৩০১ নং কক্ষে তিন সহপাঠীর সঙ্গে থাকতেন আকলিমা। সকালে সহপাঠীরা পরীক্ষা দিতে গেলেও আকলিমা যাননি।
পরীক্ষা শেষে সহপাঠীরা ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন। পরে জানালা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে আকলিমার লাশ ঝুলতে দেখে কর্তৃপক্ষকে জানান তারা। কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওই কক্ষ থেকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট উদ্ধার করা হয় বলেও পুলিশ জানায়।
