২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে দুজন খুন

টাঙ্গাইলে সোমবার রাতে পৃথক ঘটনায় এক ব্যবসায়ী ও এক কলেজছাত্র খুন হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 12:34 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

এরা হলেন সদরের বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্বাস খানের ছেলে শামসুল আলম খান (৩০) এবং বাসাইলের কাশিল দক্ষিণপাড়ার আয়ুব খানের ছেলে আল আমিন খান (১৭)।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্যাটেলাইট ক্যাবল ব্যবসায়ী শামসুল আলম খানকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

টাঙ্গাইল মডেল থানার এসআই সালাহ উদ্দিন জানান, শামসুল আলম খান তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পাশের শিবপুর গ্রামে বোনের বাড়ি বেড়াতে যান।

রাত ২টার দিকে একদল সন্ত্রাসী সেখানে গিয়ে দরজা খুলতে বলে। দরজা খুললে তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল থানার ওসি সালাহ উদ্দিন জানান, উপজেলার কাশিল দক্ষিণপাড়ার একটি পাট ক্ষেত থেকে আল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ।

তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

আল আমিন মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

আল আমিনের বাবা আয়ুব খান জানান, আল-আমিনের সঙ্গে একই গ্রামের এক মেয়ের প্রায় দুবছর যাবত প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে তার পরিবার থেকে তাকে কয়েকবার হত্যা করার হুমকি দেয়।

রোববার রাত সাড়ে ৯টার দিকে আল আমিন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।