পাবনায় বিএনপিকর্মী খুন
পাবনা সদরে এক বিএনপিকর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে লাল চাদের (২৬) লাশ উদ্ধার করে পুলিশ।
পাবনা সদর থানার এসআই হাবিবুর রহমান হাবিব জানান, নিহত লাল চাদ ওই গ্রামের প্রয়াত আমীর চাদের ছেলে। তিনি ওই এলাকায় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই হাবিব বলেন, রাতের কোনো এক সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে।
পাবনা জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।
