২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদুল্লাহ কায়সারের হত্যায় আশরাফ-মুঈনুদ্দীন জড়িত: পান্না কায়সার

একাত্তরের ডিসেম্বরে বিজয়ের ঠিক আগে শহীদুল্লা কায়সারের হত্যাকাণ্ডের সঙ্গে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান জড়িত ছিলেন বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন শহীদজায়া পান্না কায়সার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 12:33 AM

Updated : 23 Aug 2022, 06:45 PM

সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দেন তিনি।

পান্না বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর কায়েতটুলীর বাসা থেকে সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে অপহরণ করে এক যুবক তার নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের হাতে তুলে দিয়েছিল।

শহীদুল্লাহ কায়সারের অনুজ জহির রায়হান ওই যুবককে বাসায় ধরে আনলে সে তাদের কাছে এ স্বীকারোক্তি দেয় বলে জানান তিনি।

সেই যুবক আর কেউ নন, তিনি খালেক মজুমদার। তার যুবকের বিরুদ্ধে ১৯৭২ সালে দালাল আইনে মামলা হলে তার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন বলে জানান পান্না কায়সার।

তিনি জানান, আলবদরের অত্যাচার বেড়ে যাওয়ায় ১২ ডিসেম্বর নুরুল ইসলাম (পরবর্তীতে গণতন্ত্রী পার্টির সভাপতি) কায়েতটুলীর বাসায় এসে শহীদুল্লাহ কায়সারকে বাসা ছেড়ে অন্যত্র চলে যেতে বলেন। ১৩ ‍ডিসেম্বর দুই ঘণ্টার জন্য কারফিউ শিথিল হলে শহীদুল্লাহ কায়সার কাপড়-চোপড় গুছিয়ে তার মায়ের পরামর্শমতো বেরিয়ে যান।

কিন্তু কিছুক্ষণের মধ্যে ফিরে এসে জানান, যেখানে যাওয়ার কথা সেখানে সবার থাকার ব্যবস্থা হয়েছে। পরদিন কারফিউ শিথিল হলে মা, স্ত্রী, সন্তানসহ সেখানে যাবেন।

অপহরণের ঘটনার বর্ণনা দিয়ে বাংলার এই অধ্যাপক বলেন, “১৪ ডিসেম্বর কারফিউ আর শিথিল হয়নি। ওইদিন আমি আসরের নামাজ পড়ে বাসার বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। ওইসময় দেখি চার-পাঁচজন যুবক বাসার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছে। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে।”

“৫টা-সোয়া ৫টার দিকে শহীদুল্লাহ কায়সার আমাদের বসার ঘরে আমার চাচা শ্বশুর জনাব সিদ্দীকুল্লাহ’র (শাহরিয়ার কবিরের বাবা) সঙ্গে বসে রেডিওতে বিবিসি অথবা ভয়েস অব আমেরিকা শোনার চেষ্টা করছিলেন। আমি ওই যুবকদের ইশারাটা সন্দেহজনক মনে করে বিষয়টি তাকে জানালে সে চমকে ওঠে। আমি আর কী কী দেখেছি তা জিজ্ঞেস করে। তার সঙ্গে কথা বলে আমি মাগরিবের নামাজ পড়তে যাই।

“নামাজ শেষ করে বসার ঘরে আমার মেয়েকে (শমী কায়সার) দুধ খাওয়াচ্ছিলাম। এসময় আমার চতুর্থ দেবর ওবায়দুল্লাহ এসে আমার স্বামীকে জানায়, কয়েকজন যুবক আমাদের বাড়ির গেটে কড়া নাড়ছে।তখন তিনি বলেছিলেন, খুলে দাও, দেশ বোধ হয় স্বাধীন হয়ে গেছে।”

দুই-এক মিনিট পর চার-পাঁচজন যুবক মুখবাঁধা অবস্থায় উপরে উঠে এসে রুমে ঢুকেই প্রশ্ন করে, এখানে শহীদুল্লাহ কায়সার কে?

শহীদুল্লাহ কায়সার এদের মুক্তিযোদ্ধা ভেবে পরিষ্কারভাবে বলেছিলেন, “আমিই শহীদুল্লাহ কায়সার।” একথা বলার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে থেকে একজন শহীদুল্লাহ কায়সারের হাত ধরে বারান্দায় নিয়ে যায়।

“এসময় মুখোশধারীদের সঙ্গে ধস্তাধস্তি করে এক পর‌্যায়ে আমি ও আমার ননদ একজনের মুখের কাপড় সরিয়ে ফেলে তার মুখ দেখতে পেয়েছিলাম। আমরা বাঁধা দেয়া সত্ত্বেও আমার স্বামীকে তারা সিঁড়ি দিয়ে নিচে নিয়ে যায়।”

পরে পাশের মসজিদের ইমাম সাহেব শহীদুল্লাহ কায়সারকে একটি কাদামাখা মাইক্রোবাসে করে নিয়ে যেতে দেখেন তিনি।

পরে জহির রায়হান ১৮ ডিসেম্বর কলকাতা থেকে ফেরার পর একটি কমিটি গঠন করে রাজাকার ও আল-বদরদের অবস্থান জানার চেষ্টা করেছিলেন। ডিসেম্বর মাসেই একদিন তিনি এক লোককে ধরে নিয়ে এসে আমাদের বাসায় হাজির করলে তাকে শহীদুল্লাহ কায়সারের অন্যতম অপহরণকারী হিসেবে সনাক্ত করেন তিনি। খালেক মজুমদার তার নাম সেদিনই তিনি জানেন।

সাক্ষ্য দেয়া শেষ হলে পান্না কায়সারকে জেরা করেন পলাতক আশরাফুজ্জামান ও চৌধুরী মুঈনুদ্দীনের পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী আব্দুস শুকুর খান ও সালমা হাই টুনি।

চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে গত ২৪ জুন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন হয়।

গত ২ মে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। দেশে না পাওয়ায় তাদের হাজির হতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশও হয়েছিল।

বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

১৫ জুলাই প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদের ভাগ্নি মাসুদা বানু রত্না।

পরে আরো সাক্ষ্য দেন শহীদ মুনীর চৌধুরী, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন, অধ্যাপক সিরাজুল হক খান, সাংবাদিক সিরাজ ঊদ্দিন হোসেন, সৈয়দ নাজমুল হক, ডা. আব্দুল আলীম চৌধুরী, ডা. ফজলে রাব্বি, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর সন্তানরা, সাংবাদিক আ ন ম গোলাম মোস্তফার ছেলে ও ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

আশরাফুজ্জামানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের বেজড়া ভাটরা (চিলেরপাড়) গ্রামে। চৌধুরী মুঈনুদ্দীনের বাড়ি ফেনীর দাগনভুঞার চানপুরে।