শার্শায় ভারতীয় অ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার
যশোরের শার্শা উপজেলায় ১৫ হাজার ভারতীয় যৌন উত্তেজক অ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার এ অভিযানে কাউকে আটক করা যায়নি বলে বিজিবি জানিয়েছে।
খুলনা ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তায়েফ উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে জামতলা এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ১২ হাজার ভারতীয় অ্যানাগ্রা ট্যাবলেটসহ নানা সামগ্রী আটক করা হয়।
এছাড়া বিজিবির আরেকটি দল কায়বা এলাকা থেকে তিন হাজার অ্যানাগ্রা ট্যাবলেট ও ১০ বোতল ভারতীয় মদ আটক করে।
আটক মালামালের আনুমানিক মূল্য সাড়ে ৪৮ লাখ টাকা বলে বিজিবি কর্মকর্তা জানান।
আটক মালামাল বেনাপোল ও যশোর কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে।
