তাইন্দংয়ে সহিংসতা: ঘটনাস্থলে সিএইচটি কমিশন
তাইন্দংয়ে পাহাড়ি গ্রামে হামলার স্থল পরিদর্শনে এসেছে আন্তর্জাতিক সিএইচটি কমিশন এবং জাতীয় সংসদের আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস।
সোমবার দুপুরে প্রতিনিধি দল প্রথমে বগাপাড়া এবং পরে সর্বেশ্বর পাড়ায় যান। তারা ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি বৌদ্ধ মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরের ভিক্ষুদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের সময় স্বপন আদনান এবং সাংসদ ফজলে হোসেন বাদশা ক্ষতিগ্রস্ত পাহাড়িদের সঙ্গে কথা বলেন।
এই সময় নারীনেত্রী খুশী কবির, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, মানবাধিকারকর্মী ব্যারিস্টার সারা হোসেন এবং তেল-গ্যাস-জাতীয় সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্তরা প্রতিনিধি দলকে জানায়, তারা একটি ষড়যন্ত্রের শিকার। বাঙালিরা তাদের ভূমি থেকে উচ্ছেদ করতে এ হামলা চালিয়েছে।
পাহাড়িদের অভিযোগ, অগ্নিসংযোগ, লুঠপাট ও ভাংচুরের ফলে তারা সর্বস্বান্ত হলেও সরকারিভাবে যথাযথ পুনর্বাসনের উদ্যোগ নেয়া হচ্ছে না।
এই সময় পাহাড়িদের আয়োজিত একটি মানববন্ধন থেকে অপ্রতুল ত্রাণ কার্যক্রম, ঘটনার দিন পুলিশ ও বিজিবির নীরবতাসহ নানা বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
এরপর প্রতিনিধি দল সর্বেশ্বর পাড়ায় গেলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহে আলম এ পর্যন্ত প্রদত্ত সরকারি সহায়তার তথ্য তুলে ধরেন।
ওইদিনের হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মামলার সর্বশেষ অগ্রগতির অবস্থা জানান।
গত ৩ অগাস্ট বিকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দংয়ের চারটি পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগের পাশাপাশি লুঠপাট ও ভাংচুর চালায় স্থানীয় বাঙালিরা।
এ ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে।
