২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের কর্মসূচিতে পুলিশের ধাওয়া

নিয়োগ দাবিতে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ, ধাওয়ার মুখে কয়েকজন আহতও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 08:02 PM

Updated : 13 Oct 2022, 02:55 PM

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচিতে পুলিশের বাধার পর মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনের কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা।

নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য পরীক্ষা দিয়ে ২৬ হাজার জন উত্তীর্ণ হলেও বিদ্যালয়গুলো জাতীয়করণের পর তাদের আর চাকরি হয়নি। চাকরি দাবিতে তাই আন্দোলনে নেমেছেন তারা।

সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা এই চাকরিপ্রার্থীরা শহীদ মিনারে সমাবেশ করছিলেন। এক পর্যায়ে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বেলা আড়াইটার দিকে তারা সড়কে মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা শহীদ মিনারের উত্তর পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে।

Image
চাকরিতে নিয়োগের দাবিতে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে আটক করে পুলিশ। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাকরিতে নিয়োগের দাবিতে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে আটক করে পুলিশ। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ওই সময় পুলিশ কয়েকজনকে আটক করে। পালাতে গিয়ে কয়েকজন পড়ে আহতও হন।

‘প্যানেলভুক্ত শিক্ষক’ ব্যানারে আন্দালনরতদের নেতা এম নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের(২০১২) মার্চে নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য প্রায় ৪০ হাজার প্রার্থীকে সরকার চূড়ান্তভাবে নির্বাচন করে। এর মধ্যে থেকে প্রথম ১৪ হাজার শিক্ষককে নিয়োগ দেয়া হয়।

বাকি ২৬ হাজারকে নিয়োগের আগেই চলতি বছরের শুরুর দিকে সরকার সব রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করেন।

“মৌখিকভাবে আমাদের জানিয়ে দেয়, বাকিদের নিয়োগ দেয়া হবে না,” বলেন ‘প্যানেল শিক্ষক’ মহাসচিব নাজমুল।

নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়গুলো আর না থাকায় সরকারের নিয়োগের সুযোগ কোথায়- জানতে চাইলে তিনি বলেন, “আমাদের মধ্যে থেকে যারা নিয়োগ পেয়েছেন, স্কুলের সঙ্গে তাদের চাকরি তো সরকারি হয়ে গেছে।

“সরকার আমাদেরও জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে নিযোগ দিতে পারে। একই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারা যদি নিয়োগ পেতে পারে, তাহলে আমাদের দোষ কোথায়?”

সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, তারা তাদের দাবি স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন।

“আমরা আশ্বাস পেলেও আমাদের জন্য কেউ যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করেনি। তাই নিয়োগের সিদ্ধান্ত ছাড়া আমরা ঘরে ফিরে যাব না।”