বিশ্বজিৎ হত্যামামলায় আরেকজনের সাক্ষ্য
বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের মামলায় আরেকজনের সাক্ষ্য নিয়েছে আদালত।
সোমবার ঢাকার আদালতে সাক্ষ্য দেন শাখারী বাজার মোড়ের সিগারেটের দোকানি জাকির হোসেন রনি।
গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধের সময় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় শাখারী বাজারের দরজি দোকানি বিশ্বজিৎকে।
শাখারী বাজারের অদূরে বাহাদুর শাহ পার্কের (ভিক্টোরিয়া পার্ক) কাছেই এই হত্যাকাণ্ড ঘটে, যার আসামিরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী।
মামলার নবম সাক্ষী জাকির সাক্ষ্যে বলেন, তিনি সেদিন বোমার শব্দ শুনেছিলেন। তবে আসামি কারো নাম জানেন না।
সাক্ষ্যগ্রহণের সময় এই মামলায় গ্রেপ্তার আট আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়।
জাকির সাক্ষ্য নেয়ার পর ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. নূরুজ্জামান আগামী বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেন।
জাকিরকে নিয়ে এই মামলায় রাষ্ট্রপক্ষে নয়জনের সাক্ষ্য নেয়া হলো। এর মধ্যে গত ৩১ জুলাই রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতে এসে আসামিদের পক্ষে কথা বলায় পঞ্চম সাক্ষী মো. বাবর ওরফে বাবুকে বৈরী ঘোষণা করা হয়।
এই পর্যন্ত সাক্ষ্য দেন বাদি সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মো. জালাল উদ্দিন, লক্ষ্মীবাজার অতিথি টেইলার্সের কর্মচারী সুমন খান, বাহাদুর শাহ পার্কের(ভিক্টোরিয়া পার্ক) উত্তর পাশের পেট্রোল পাম্পের কর্মচারী মো. সালেক, অতিথি টেইলার্সের কাটিং মাস্টার আব্দুল জব্বার, ভিক্টোরিয়া পার্কের ঝাড়ুদার স্বপন হাওলাদার, মামলার নিবন্ধন (রেকর্ডিং) কর্মকর্তা সূত্রাপুর থানার উপ-পরিদর্শক আরাফাতুল হক খান এবং মামলার চালান দাখিলকারী সূত্রাপুর থানার কনস্টেবল কামাল হোসেন।
বিশ্বজিৎ হত্যামামলায় গত ৫ মার্চ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করে গত ২৬ মে সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে বিচার শুরু হয়।
মামলাটি এর আগে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে ছিল। সেখানেই গত ২৬ মে ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে- একথা জানিয়ে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের কারণে মামলার সাক্ষ্যগ্রহণ বার বার পিছিয়ে যায়।
পরে মামলা বদলির বিষয়ে গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার গেজেট বিজ্ঞপ্তি হাতে আসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচারকাজ ১৩৫ কার্যদিবসের মধ্যে শেষ করার বিধান রয়েছে।
