সিরাজগঞ্জে চেতনানাশক খাইয়ে লুট, অসুস্থ ১০
চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুইটি পরিবারের মূল্যবান মালামাল লুট করেছে দৃর্বৃত্তরা।
রসুলপুর কলাতলা গ্রামে রোববার রাতে এ ঘটনায় অজ্ঞান শিশু ও নারীসহ ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন।
রোগীদের সঙ্গে হাসপাতালে আসা ওই গ্রামের আব্দুস সালাম জানান, রোববার রাতে গ্রামের হাবিব উদ্দিন বাজার থেকে মিষ্টি কিনে আনেন। ওই মিষ্টি হাবিবের নিকট আত্বীয় আব্দুস সোবাহান ও আব্দুল আওয়ালের পরিবারের সদস্যরা খেয়ে ঘুমাতে যান।
সকালে ওই দুই পরিবারের আব্দুল আওয়াল (৪৫), লীনা (১০), লুৎফা খাতুন (৪৫), বিমলা খাতুন (৩৫), সোবাহান (৩৮) শরিফন নেচ্ছা (৬৫), সুমাইয়া খাতুন (১০), খোদেজা (৮), মোতালেব (১২), আব্দুল লতিফ (১৪) ঘুম থেকে না ওঠায় পরিবারের অন্যদের সন্দেহ হয়।
বাড়িতে না থাকায় মিষ্টি না খাওয়ার কারণে সুস্থ রয়েছেন হাবিবের স্ত্রী আয়েশা খাতুন।
তিনি জানান, এ দুই পরিবারের স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদ হোসেন বলেন, অসুস্থদের জ্ঞান ফেরানোর চেষ্টা চলছে। কী ধরনের বিষ খাওয়ানো হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার পর বলা যাবে।
