মাইক্রোবাসে এসে ডাকাতি
বাগেরহাট সদরে মাইক্রোবাস ও মোটরসাইকেলে এসে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত। তারা প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
সোমবার ভোরে রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি গ্রামে মহাসিন হাওলাদার নামে এক সরকারি কর্মচারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
বাগেরহাট মডেল থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতির সংবাদ শুনে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে, এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু বলেন, ভোর চারটার দিকে একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলে করে ১২/১৩ জনের একদল সশস্ত্র ডাকাত মহাসিনের জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে।
অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে আলমারি খুলে নগদ ত্রিশ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন নিয়ে যায় তারা।
রামপাল উপজেলা পরিষদের সার্টিফিকেট সহকারী হিসেবে কাজ করেন মহাসিন। তার স্ত্রী রেশমা বেগম স্থানীয় সুগন্ধি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
