নিউ ইয়র্কে আওয়ামী লীগের সমাবেশ
বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করার ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে নিউ ইয়র্কে সমাবেশ করেছে আওয়ামী লীগ।
শনিবার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের নোয়াখালী ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার। বক্তব্য দেন জাতীয় শোক দিবস স্মরণ সমাবেশের জন্যে গঠিত কমিটির আহ্বায়ক মফিজুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সম্পাদিকা আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নিউ ইয়র্ক আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া, প্রধান উপদেষ্টা এন আমিন, জ্যেষ্ঠ সহসভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহানা।
সমাবেশে সাজ্জাদুর রহমান বলেন, “জেএমবি আবারো সংগঠিত হচ্ছে বিএনপির মদদে। তারা অর্থ পাচ্ছে জামাত-শিবিরের নেটওয়ার্ক থেকে। আবারো জঙ্গিরাষ্ট্রের কলঙ্ক লেপন করতে চায় বাংলাদেশের ওপর।”
নূরনবী কমান্ডার আওয়ামী লীগের বিরুদ্ধে সব অপপ্রচার ঠেকাতে আন্তর্জাতিক মহলে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার থাকার আহ্বান জানান।
সমাবেশের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।
