২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাটিরাঙ্গা হামলার বিচারের দাবিতে ভিক্ষুদের বিক্ষোভ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পাহাড়িদের গ্রামে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে ভিক্ষুরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 11:49 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

রোববার বিকালে খাগড়াছড়ি সদরের শাপলা চত্ত্বরে মানববন্ধনে এ দাবি জানিয়েছে পার্বত্য ভিক্ষু সংঘ।

মানববন্ধনে মাটিরাঙ্গার তাইন্দং গ্রামে হামলা ও অগ্নিসংযোগে পুড়ে যাওয়া বৌদ্ধবিহার পুননির্মাণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান ভিক্ষুরা।

পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শ্রীমৎ নন্দপ্রিয় স্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক শ্রীমৎ জিনবোধি মহাস্থবির।

এছাড়াও কর্মসূচিতে জেলার কয়েকশত বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মালম্বী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এর আগে খাগড়াছড়ি সদরের মহাজন পাড়াস্থ সীবলী বৌদ্ধ বিহার থেকে মিছিলসহ শাপলা চত্ত্বরে এসে জড়ো হন বৌদ্ধ ভিক্ষুরা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ৮ দফা দাবিতে স্মারকলিপি দেন তারা।

দাবির মধ্যে আরো রয়েছে- হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন ও ভবিষ্যত হামলা থেকে আদিবাসী গ্রাম রক্ষার জন্য পাহাড়ি এলাকায় গ্রাম প্রতিরক্ষা দল গঠন করা।