২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে

জামায়াতে ইসলামীর নেতা এবং দিগন্ত মিডিয়া করপোরেশনের কর্ণধার মীর কাসেম আলীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 11:42 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

রোববার আসামি পক্ষের বক্তব্য শোনার পর মামলার পরবর্তী কার‌্যক্রমের জন্য আগামী ২১ অগাস্ট দিন ধার‌্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে মীর কাসেম আলীর পক্ষে শুনানি করেন তার আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন।

তিনি বলেন, মীর কাসেম আলীর বিরুদ্ধে যে ১৪টি অভিযোগ আনা হয়েছে তার সবগুলোই মূলত নির্যাতনের ঘটনা। ১৯৭১ সালের আন্তর্জাতিক অপরাধ আইনে নির্যাতন মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত ছিল না।

তখন ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি কবীর বলেন, এই বিচার ১৯৭১ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী হচ্ছে। সেখানে নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে ধরে নেয়া হয়েছে।

কিছু সময় শুনানির পর জ্যেষ্ঠ আইনজীবীর অনুপস্থিত না থাকায় ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করেন তানভীর আহমেদ।

আসামিপক্ষের শুনানির ওপর প্রসিকিউশনের কোনো জবাব রয়েছে কি না- আদালত জানতে চাইলে সময় চান প্রসিকিউটর জেয়াদ আল মালুমও। এরপর শুনানি মুলতবি করেন বিচারক।

শুনানির সময় মীর কাসেমকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ২৬ মে মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ২৭ জুন তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন রেখেছিল ট্রাইব্যুনাল।

২৭ জুন প্রসিকিউশনের শুনানি শেষ হওয়ার পরে আসামিপক্ষের সময় আবেদনে তা পিছিয়ে ১৮ জুলাই দিন ধার্য করা হয়। পরে আরো এক দফা পিছিয়ে ১৮ অগাস্ট নতুন দিন ঠিক হয়।

মীর কাসেম আলী ইসলামী ছাত্রসংঘের চট্টগ্রাম জেলার সভাপতি ছিলেন। পরে তিনি এ সংগঠনটির পূর্ব পাকিস্তানের সাধারণ সম্পাদক হন।

মীর কাসেমের বিরুদ্ধে উল্লেখযোগ্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের গালিব হোটেলে স্থাপিত নির্যাতন কেন্দ্রে বিভিন্নজনকে ধরে নিয়ে আসা এবং নির্যাতন করা।

গত বছরের ১৭ জুন মীর কাসেমকে গ্রেপ্তার করা হয়।