চট্টগ্রামে বাসচাপায় নিহত ১
চট্টগ্রামের কোতোয়ালি মোড় এলাকায় বাসচাপায় এক ব্যক্তি মারা গেছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী মীর মোহাম্মদ আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালদীঘি মোড়ের দিক থেকে আসা ৭ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কোতোয়ালি মোড়ে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার ও একটি রিকশাকে চাপা দেয়।
কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক রইস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিকশাটির চালক ও যাত্রী আহত হলে তাদের হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল রিয়াদ হোসেন বলেন, হাসপাতালে আনার পর একজন মারা যান। অন্যজন চিকিৎসাধীন।
জনতার সহায়তায় পুলিশ বাস ও এর চালক জুয়েল রানাকে (২৪) আটক করেছে।
