পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, চট্টগ্রামে গ্রেপ্তার ১
গোয়েন্দা পুলিশ পরিচয়ে ট্রাকচালকের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. সৌরভ চৌধুরী (২০) হাটহাজারী থানাধীন অলিপুরের বাসিন্দা কামাল উদ্দিন চৌধুরীর ছেলে।
শনিবার রাতে হাটহাজারী থানাধীন ধোপার দিঘীর পাড় এলাকায় এক ট্রাকচালকের কাছ থেকে চাঁদা আদায়ের সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
হাটহাজারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাঙামাটি থেকে চট্টগ্রাম আসার সময় সৌরভসহ আরো দুজন লোক গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ফারুক নামে এক ট্রাকচালকের কাগজপত্র তল্লাশি করে চাঁদা দাবি করে।
ট্রাকচালক টাকা দিতে অস্বীকৃতি জানালে সৌরভ তাকে মারধর করে। ওই সময় এলাকার লোকজন বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে সৌরভকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ট্রাকচালক ফারুক বাদি হয়ে সৌরভসহ অজ্ঞাত দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছে।
