২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় টিঅ্যান্ডটির সাবেক কর্মচারী ও স্ত্রীর সাজা

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় টিঅ্যান্ডটির সাবেক এক কর্মচারী ও তার স্ত্রীকে জেল-জরিমানা করেছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 09:09 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রোববার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের রায় দেন।

দণ্ডিতরা হলেন- সাবেক হিসাব রক্ষক মোহাম্মদ হোসেন ও তার স্ত্রী শাহানা চৌধুরী। দুজনই পলাতক।

হোসেনকে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শাহানার হয়েছে নয় বছর কারাদণ্ড।

পাশাপাশি তাদের অর্জিত জ্ঞাত আয় বর্হিভূত ১ কোটি ৯৭ লাখ ৮১ হাজার ১২২ টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও আদালত দিয়েছে বলে জানান পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী।

হোসেন ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত চট্টগ্রাম টিঅ্যান্ডটিতে হিসাব রক্ষক পদে কর্মরত ছিলেন। দুর্র্নীতির অভিযোগে তিনি চাকরিচ্যুত হন।

২০০৩ সালে দুদক মোহাম্মদ হোসেনকে সম্পদ বিবরণী জমা দিতে বলে। সম্পদ বিবরণী জমা দেয়ার পর দুদকের তদন্তে আয় বর্হিভূত সম্পদের প্রমাণ মেলে।