জামিন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ রনির
হাকিম আদতালতের দেয়া জামিন বাতিলের আদেশ চ্যালেঞ্জ করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পুনর্বিবেচনার আবেদন করেছেন সাংসদ গোলাম মাওলা রনির আইনজীবী।
এ আবেদনের ওপর শুনানির জন্য আগামী ১৯ সেপ্টেম্বর দিন রেখেছে আদালত।
ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক রোববার এই দিন ঠিক করে দেন।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুল গত ২০ জুলাই অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহের জন্য পল্টনে রনির কার্যালয়ে গিয়ে মারধরের শিকার হন। ভিডিওচিত্রে দেখা যায়, সংসদ সদস্য রনি নিজেই প্রতিবেদক ও ক্যামেরাপার্সনের ওপর চড়াও হয়ে লাথি মারছেন।
ঘটনার পর ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ রনিকে আসামি করে শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগে এই মামলা করে। রনি পরদিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেও টেলিফোনে হুমকির অভিযোগে ইনডিপেন্ডেন্ট কর্তৃপক্ষ একটি জিডি করার পর ২৫ জুলাই জামিন বাতিল করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আদালত।
এর দুই ঘণ্টার মাথায় গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। মহানগর হাকিম এস এম আশিকুর রহমান শুনানি শেষে রনির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠাতে বলেন।
এরপর রনি জামিনের জন্য জজ আদালতে গেলে গত ১৩ অগাস্ট সেখানেও তার আবেদন নাকচ হয়ে যায়।
ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষের জিডির প্রেক্ষিতে গত ২৫ জুলাই জামিন বাতিলের যে আদেশ হাকিম আদালত দিয়েছিল, তার বৈধতা চ্যালেঞ্জ করেই জজ আদালতে পুনর্বিবেচনার এ আবেদন করেছেন রনির আইনজীবী।
২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মাওলা রনি। এর আগেও তার বিরুদ্ধে সাংবাদিকদের নিগৃহীত করার অভিযোগ উঠেছে।
