করতোয়ায় পাওয়া গেল নিখোঁজ যুবকের লাশ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ করতোয়া নদী থেকে উদ্ধার করেছে এলাকাবাসী।
রোববার দুপুরে নদীর চরসাতবাড়িয়া এলাকায় উপজেলার গুচ্ছ গ্রামের আতাখোরের ছেলে মামুনের (২৫) লাশ পাওয়া যায়।
উল্লাপাড়া থানার ওসি হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকালে ঘাটিনা রেলওয়ে সেতুর কাছ থেকে করতোয়া নদীতে ইঞ্জিনচালিত নৌকায় করে নলকায় পিকনিকে যাচ্ছিলেন মামুন ও তার বন্ধুরা।
পথে চরসাতবাড়িয়ায় হঠাৎ মামুন নৌকা থেকে পড়ে নদীতে তলিয়ে যান। বিকালে রাজশাহী থেকে ডুবরি দল এসে তাকে উদ্ধারে রাত ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
