২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

বরিশালের হিজলা উপজেলায় বিএনপির দুপক্ষের মধ্যে দুদফা সংঘর্ষে অনন্ত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 07:32 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

শুক্রবার সকালে ও দুপুরে উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক আব্দুল গাফফার তালুকদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ তার নির্বাচনী এলাকা হিজলা উপজেলার  নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন।

শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে তিনি হরিনাথপুর ইউপির বিএনপি নেতা মো. সালাউদ্দিনের বাসায় যেতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান শহীদুল্লাহর সমর্থকরা তাকে বাধা দেয়।

এ নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফার তালুকদার সমর্থকদের সঙ্গে শহীদুল্লাহ সমর্থকদের কথা কাটাকাটি হয়।

পরে একই উপজেলার গুয়াবড়িয়া ইউপির মৌলভীর হাট এলাকায় ছাত্রদল নেতা মহসিন সিকদারের ভাই জিয়াউদ্দিন সিকদারের বিয়েতে যান সাংসদ।

সেখানেও সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে স্থানীয় সংসদ সদস্য ও বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ্ উদ্দিন ফরহাদ জানান, তিনি ঘটনা শুনেছেন কিন্তু সে সময় সেখানে ছিলেন না।

হিজলা থানার ওসি মো. শওকত আনোয়ার জানান, একটি বিয়ে বাড়িতে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের সমর্থকদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে।

বিয়ে বাড়িতে সাংসদ উপস্থিত থাকলেও বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানান ওসি।