২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে নৌশ্রম কনভেনশন অনুসমর্থন করবে সরকার

আগামী সেপ্টেম্বরের মধ্যে সরকার নৌ-পরিবহণ শ্রম বিষয়ে আন্তর্জাতিক কনভেনশন এমএলসি-২০০৬ অনুসমর্থন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 07:23 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমুদ্র পরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর জোবায়ের আহমেদ।

ইতিমধ্যে নেয়া পদক্ষেপ অনুযায়ী আগামী ২০ অগাস্টের মধ্যে বাংলাদেশের পতাকাবাহী ৫২টি জাহাজে এ কনভেনশনের শর্তসমূহ বাস্তবায়িত হলে জাহাজগুলির বিশ্বের বিভিন্ন বন্দরে চলাচলে কোনো সমস্যা হবে না বলেও সংবাদ সম্মেলনে জানান কমোডোর জোবায়ের।

তিনি বলেন, শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্মতির পর এমএলসি অনুসমর্থনের প্রস্তাবনাটি মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে এটি অনুসমর্থন করা সম্ভব হবে।

বাংলাদেশ নৌ-বাণিজ্য অধ্যাদেশের অনেক শর্ত এই কনভেনশনে অন্তর্ভুক্ত থাকায় তা দেশের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে না বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নৌ-বাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা শফিকুল ইসলাম, সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির সদস্য মোরশেদ মুরাদ ইব্রাহিম ও এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বক্তব্য রাখেন।

কনভেনশন বাস্তবায়নের বিষয়ে মেহেরুল করিম বলেন, নাবিকদের কল্যাণ নিশ্চিত করতে এমএলসি-২০০৬ প্রণয়ন করা হয়েছে, যাতে ১৪টি শর্ত বাস্তবায়নের নির্দেশনা আছে।

এসব শর্তের মধ্যে নাবিকদের চাকরিতে ন্যূনতম বয়স, নাবিকদের কর্মঘণ্টা ও বিশ্রমের সময়, খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা এবং নির্দিষ্ট সময়ে বেতন-ভাতা পরিশোধের বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান মেহেরুল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের পতাকাবাহী ৭৩টি নিবন্ধিত জাহাজের মধ্যে চলাচল উপযোগী রয়েছে ৫২টি। এগুলোর মধ্যে ২৪টি জাহাজ কনভেনশনের শর্তগুলো প্রতিপালন করায় তাদেরকে ‘স্টেটমেন্ট অব কমপ্লায়েন্স’ দেয়া হয়েছে।

এর বাইরে বিদেশের বন্দরে থাকা ছয়টি জাহাজও এ প্রত্যয়ন পেয়েছে। অপর ২২টি জাহাজ শর্ত প্রতিপালন করে প্রত্যয়নপত্র নেওয়ার অপেক্ষায় আছে, যা আগামী ২০ অগাস্টের মধ্যে শেষ হবে বলে জানানো হয়েছে।

আন্তর্জাতিক নৌ-সংস্থার পরামর্শে ২০০৬ সালের ৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাসম্মেলনে কনভেনশনটি গৃহীত হয়। আগামী ২১ অগাস্ট থেকে বিশ্বজুড়ের এটি কার্যকর হবে।