স্থবির উত্তরের মহাসড়ক
টাঙ্গাইলে যানজটের কারণে ঢাকার সঙ্গে বগুড়াসহ উত্তরাঞ্চলের বাস চলাচল স্থবির হয়ে পড়েছে।
এ কারণে শুক্রবার সকাল ৭টার পর বগুড়া থেকে ঢাকার উদ্দ্যেশে কোনো বাস রওনা হয়নি এবং ঢাকা থেকেও সন্ধ্যা পর্যন্ত কোনো বাস বগুড়াসহ উত্তরাঞ্চলে পৌঁছেনি বলে পরিবহন সংশ্লিষ্টরা জানান।
ঢাকা অভিমুখী শত শত যাত্রী ঘণ্টার পর ঘণ্টা বগুড়া বাস টার্মিনালে অপেক্ষা করছেন বাসের জন্য। কিন্তু কখন বাস আসবে, কিংবা কখন তারা ঢাকার উদ্দেশে রওনা দিতে পারবেন তা কেউ বলতে পারছেন না।
এরমধ্যে কোনো কোনো যাত্রী তাদের টিকিট ফেরত দিয়ে বাড়ি ফিরে গেছেন।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী দুটি পণ্যবাহী ট্রাক বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় ওজন স্কেলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে উল্টে পড়ে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয় এবং শেরপুরের নকলা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার এবং সেতুর পূর্বপাড় টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত ৩৭ কিলোমিটার এলাকায় হাজার হাজার যানবাহন আটকা পড়ে।
ঘণ্টাখানেক পর একটি ট্রাক সরিয়ে নিলেও যান চলাচল করছিল ধরি গতিতে।
এদিকে, টাঙ্গাইলের জামুর্কী, পাকুল্লা, মির্জাপুর ও কালিয়াকৈরে দুটি বাস ও চারটি ট্রাক সড়কে বিকল হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি করে।
শ্যামলী পরিবহনের ম্যানেজার মো. মাছুদুর রহমান বলেন, ঢাকা থেকে বৃহস্পতিবার রাতে ছেড়ে আসা শুধু একটি বাস বগুড়া পৌঁছেছে। সকাল ৭টায় বাসটি বগুড়ায় পৌঁছে আবার ঢাকার উদ্দ্যেশে ছেড়ে গেছে।
এছাড়া আর কোনো বাস আসেনি এবং ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়েও যায়নি।
তিনি আরো জানান, বগুড়াসহ উত্তরাঞ্চলের কোনো জেলা থেকে ঢাকায় বাস যেতে পারেনি। অনেক যাত্রী তাদের টিকিট ফেরত দিচ্ছে। আসলে বাস কখন আসবে তা নির্ভর করছে যানজটের উপর।
বগুড়ার মোটর মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম জানান, টাঙ্গাইলে যানজটের কারণে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বাস বগুড়া পৌঁছায়নি। এজন্য সকাল ৭টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া থেকে আর কোনো কোচ ঢাকার উদ্দেশে ছাড়েনি।
এতে বাসের সময়সূচি ভেঙে পড়েছে বলে জানান তিনি।
সরেজমিনে বগুড়া কোচ টার্মিনাল ঠনঠনিয়ায় গিয়ে দেখা যায়, শত শত যাত্রী বাস কাউন্টারের সামনে ভিড় করে আছেন বাসের প্রতীক্ষায়। নারী ও শিশুসহ তারা অসহনীয় দুর্ভোগে পড়েছেন।
টার্মিনালে বাসের প্রতীক্ষায় থাকা যাত্রী মোমেনা জানান, তার ঢাকায় রওনা হওয়ার কথা ছিল সকাল ৭টায়। ছয় ঘণ্টা ধরে টার্মিনালেই অপেক্ষা করছেন। শিশু সন্তানদের নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাকে।
আরেক যাত্রী চাকরিজীবী রায়হান জানান, সকাল সাড়ে ৮টা থেকে তিনি টার্মিনালে অপেক্ষা করছিলেন। বাস না আসায় তার যাওয়া হচ্ছে না।
আরেক যাত্রী নববধূ ফারজানা তানিয়া জানালেন, তার স্বামী হরতালের কারণে আগেই চাকরিতে যোগ দিয়েছেন। শুক্রবার তার বাস ছিল সকাল ১১টায়।
বিকাল ৫টা পর্যন্ত অপেক্ষা করে বাস না পাওয়ায় টিকিট ফেরত দিয়ে বাড়ি চলে যাচ্ছিলেন তিনি।
